২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া: জাইয়াহ'র তেল শোধনাগার বিদ্রোহীদের দখলে

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাইয়াহ'র তেল শোধনাগার দখল করেছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

জাইয়াহ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাইয়াহ'র তেল শোধনাগার দখল করেছে বিদ্রোহীরা। সেইসঙ্গে উত্তরাঞ্চল থেকে ত্রিপোলি যাওয়ার প্রধান মহাসড়কটিও বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে তারা। এতে করে নেতা মুয়াম্মার গাদ্দাফির ত্রিপোলির ঘাঁটি আরো বিচ্ছিন্ন হয়ে পড়লো। বিদ্রোহীদের ছোট কয়েকটি দল জাইয়াহ'র তেল শোধনাগারের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। সেখানে কয়েকদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া গাদ্দাফি অনুগত বাহিনীর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। জাইয়াহ থেকে কয়েক কিলোমিটার দূরের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, বুধবার জাইয়াহ শহর ও তেল শোধনাগারের আশপাশে লড়াইয়ে ৯ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। তিনি আরো জানান, হতাহতদের বেশিরভাগই বিদ্রোহী এবং গাদ্দাফি বাহিনী হাসপাতালের কাছে একটি বাড়িতে গ্রাড রকেট নিক্ষেপ করেছে। ওদিকে, ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের গারিয়ান শহর নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। রয়টার্সের এক প্রতিবেদক জানান, বিদ্রোহীরা গাদ্দাফি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয়া টি-থার্টিফোর ট্যাংক ও বিমান বিধ্বংসী বন্দুক স্থাপন করেছে শহরের কেন্দ্রস্থলে। মোহাম্মাদ নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, "আমরা গাদ্দাফি বাহিনীর কাছ থেকে একটি ট্যাংক ও বিমান বিধ্বংসী বন্দুক নিয়েছি। এরপর আমরা ত্রিপোলিতে যাব।" তবে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বিদ্রোহীদের এ দাবি প্রত্যাখান করে দেশ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন। মুসা ইব্রাহিম বৃহস্পতিবার সংবাদ সংস্থা 'জানা' কে বলেন, "এটি একটি সংকট এবং কয়েক দিনের বিষয়, ঈশ্বরের কৃপায় এটা কেটে যাবে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং পুরো দেশ নিয়ন্ত্রণ করছি।" ওদিকে, লিবিয়ায় আরো দুটি চালক বিহীন বিমান পাঠানো হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা বুধবার রয়টার্সকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, এ সপ্তাহের শুরুতেই ন্যাটো অভিযানে যোগ দিয়েছে ড্রোন। তবে ন্যাটোর অভিযানে বর্তমানে কয়টি ড্রোন নিয়োজিত আছে তা এ মুহূর্তে স্পষ্ট নয়। পূর্বাঞ্চলের শহর ব্রেগায় বিদ্রোহী ও গাদ্দাফি বাহিনীর মধ্যে লড়াই হচ্ছে। বিদ্রোহী সেনারা জানায়, গাদ্দাফি বাহিনীর সঙ্গে লড়াইয়ে মঙ্গল ও বুধবার তাদের ১৮ সেনা নিহত ও ৩৩ জন আহত হয়েছে। বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মাদ জাওয়াবি জানান, মঙ্গলবার ১৫ সেনা ও বুধবার ৩ সেনা নিহত হয়েছে। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক ভিডিও চিত্রে ব্রেগায় গাদ্দাফি সমর্থকদের তাদের নেতার নামে শ্লোগান দিতে দেখা যায়। বিদ্রোহী সেনারা পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিক থেকে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এবং ত্রিপোলির সঙ্গে অন্যান্য এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি কোথায় রয়েছেন তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩০ঘ.