২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্টিলথ কপ্টার' নীরিক্ষণের খবর প্রত্যাখ্যান করেছে চীন

পাকিস্তান বিন লাদেন হত্যা অভিযানে বিধ্বস্ত মার্কিন স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চীনকে নীরিক্ষণের সুযোগ দিয়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

বেইজিং, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান বিন লাদেন হত্যা অভিযানে বিধ্বস্ত মার্কিন স্টিলথ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চীনকে নীরিক্ষণের সুযোগ দিয়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বাক্যের একটি বিবৃতিতে অভিযোগটি নাকচ করে দেয়। "প্রতিবেদনটি পুরোপুরি ভিত্তিহীন ও উদ্ভট," চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই একটি লাইনেই এ খবর প্রত্যাখান করা হয়। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মিলিটারি একাডেমির নিকটবর্তী একটি সুরক্ষিত বাড়িতে আত্মগোপন করে থাকা আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের একটি কমান্ডো দল। ওই অভিযানে ব্যবহৃত চারটি মার্কিন হেলিকপ্টারের একটি অভিযান চলার সময়ই বিধ্বস্ত হয়। অভিযান শেষে বিধ্বস্ত হেলিকপ্টারটি ফেলেই দ্রুত চলে যায় কমান্ডোরা। পরে জানা যায় হেলিকপ্টারটি একটি অত্যাধুনিক ব্ল্যাকহক হেলিকপ্টার। এটি রাডার ফাঁকি দিতে সক্ষম। বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনারা নিজেদের হেফাজতে নিয়ে যায়। পাকিস্তানের সহযোগিতায় উন্নত হেলিকপ্টারটির অত্যাধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি চীন হস্তগত করতে পারে সম্ভাবনায় শঙ্কিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশেষ করে সিআইএ পাকিস্তানকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দ্রুত ফেরত দেওয়ার জন্য বলে। পাকিস্তান ধ্বংসাবশেষ ফেরত দিলেও যুক্তরাষ্ট্র অভিযোগ করে পাকিস্তান বিধ্বস্ত হেলিকপ্টারের কিছু অংশ ফেরত দেয়নি। ঘটনা যুক্তরাষ্ট্রের ওই অভিযোগেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত রোববার যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল টাইমস পত্রিকা অভিযোগ করে, পাকিস্তানের সহযোগিতায় চীন ব্ল্যাকহকের ধ্বংসাবশেষ নীরিক্ষণ করেছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সহযোগিতায় চীনা গোয়েন্দারা বিধ্বস্ত কপ্টারটির ছবি তুলেছে ও এর রাডার ফাঁকি দিতে সক্ষম বিশেষ বহিরাবরণের নমুনা সংগ্রহ করেছে। এই বিশেষ বহিরাবরণের কারণেই লাদেন হত্যা অভিযান চলাকালে পাকিস্তানের একেবারে কেন্দ্রস্থলে মার্কিন কমান্ডোদের উপস্থিতি ধরতে পারেনি পাকিস্তানের প্রতিরক্ষাবাহিনী। এর আগে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৭ ঘ.