২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেল ছাড়বেন না হাজারে

নতুন করে অনশনে বসার আগেই গ্রেপ্তার হওয়া ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারেকে জেল থেকে মুক্তি দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনশন করার অনুমতি না পাওয়া পর্যন্ত জেল থেকে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এই সমাজকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নয়া দিল্লি, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন করে অনশনে বসার আগেই গ্রেপ্তার হওয়া ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আনা হাজারেকে জেল থেকে মুক্তি দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনশন করার অনুমতি না পাওয়া পর্যন্ত জেল থেকে যেতে অস্বীকৃতি জানিয়েছেন ৭৪ বছর বয়সী গান্ধীবাদী এই সমাজকর্মী। আনা হাজারের ঘনিষ্ঠ এক সহযোগীর সূত্রে এ খবর জানা গেছে। মঙ্গলবার নয়া দিল্লির জয় প্রকাশ নারায়ণ পার্কে আনার নতুন করে আমরণ অনশনে বসার ঘোষণা ছিলো। কিন্তু তার আগেই ময়ূর বিহারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রবীণ এই সমাজকর্মীকে গ্রেপ্তারে ভারতজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। আনাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যে জেলে তাকে নিয়ে যাওয়া হয় তার সামনে, পার্লামেন্ট ভবনের সামনে এবং ইন্ডিয়া গেটে হাজার হাজার অনুসারী-সমর্থক জড়ো হয়ে প্রতিবাদ-বিক্ষোভ জানায়। আনা হাজারেকে গ্রেপ্তারের সাথে সাথে তার হাজারো অনুসারীকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। এদের মধ্যে প্রায় দেড়হাজার জনকে মঙ্গলবারই ছেড়ে দেয় পুলিশ। কিন্তু দিল্লির ওই পার্কের সামনেই অনশনের অনুমতি না দেওয়া পর্যন্ত জেল থেকে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন হাজারে। গ্রেপ্তার হওয়ার আগে আনা হাজারে অনুসারী-সমর্থকদের প্রতি 'জেল ভরো' আন্দোলনের ডাক দেন। পাশাপাশি এক ভিডিওবার্তায় তার দাবিকে 'দ্বিতীয় মুক্তির আন্দোলন' অভিহিত করে তা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান। অনশন কোনো সমাধান দেবে না- প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ বক্তব্যের পরদিনই গ্রেপ্তার করা হলো ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত হওয়া আনা হাজারেকে। ৭৪ বছর বয়সী এ সমাজকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় বিভিন্ন রাজনৈতিক দল। আনা হাজারেকে গ্রেপ্তারের সমালোচনা করে প্রধান বিরোধী দল বিজেপির নেতা এল কে আদবানি সাংবাদিকদের বলেছেন, "সরকার যে ভাবে চলছে, তাতে এ ঘটনায় আমি অবাক হইনি। সমস্যা সমাধান না করে প্রতিবাদ ঠেকাতেই ব্যস্ত তারা।" ভারতের কমিউনিস্ট পার্টি-সিপিআই আনাকে গ্রেপ্তারের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে সরকার প্রতিবাদের ভাষাকেই রুদ্ধ করতে চাইছে। এদিকে গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরে আইন প্রতিমন্ত্রী সালমান খুরশিদ সাংবাদিকদের বলেন, "প্রতিবাদ জানানোর অধিকার সবারই রয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে নয়। পরিস্থিতি স্থিতিশীল রাখতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে।" দুর্নীতিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এর আগে গত ৯ জুন রাজঘাটের গান্ধী মেমোরিয়ালে একদিনের অনশন করেন হাজারে। রাষ্ট্রীয় খেতাব 'পদ্ম বিভূষণ' পাওয়া আনা হাজারে আলোচনায় উঠে আসেন গত এপ্রিল মাসে। বছরের শুরুতে ভারতে কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে আমরণ অনশনে বসেন তিনি। তবে সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর অনশন ভাঙেন তিনি, তবে বলেন, লড়াই চলবে। আনার দাবির মুখে সরকার যে আইনের যে খসড়া তৈরি করেছে, তা দুর্বল বলে দাবি করেছেন এ সমাজকর্মী। তাই নতুন করে অনশনে বসতে যাচ্ছিলেন তিনি। আনাকে সাত দিনের আটকাদেশ দিয়ে তিহার জেলে রাখার কথা ছিল। কিন্তু আটকের কয়েক ঘণ্টা পরই তাকে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/সিআর/১০৫০ ঘ.