১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব বাজার নতুন এক বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান রবার্ট জেলিক। পাশাপাশি এ বিষয়টিকে নীতি নির্ধাকদের গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সিডনিতে আয়োজিত এশিয়া সোসাইটির ডিনারে তিনি বলেন, "গত দুই সপ্তাহে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে যা প্রধান কয়েকটি দেশের অর্থনৈতিক নেতৃত্বে বাজার অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে।"
তিনি আরো বলেন, "বিশ্বে নড়বড়ে অর্থনীতি পুনরুদ্ধার প্রচেষ্টায় ওই কয়েকটি ঘটনা যোগ হয়ে আমাদেরকে নতুন করে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।"
তিনি বলেন, "এ কথাগুলো আমি হালকাভাবে বলছি না। তাই নীতি নির্ধারকেদের তা বুঝতে হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।"
ইউরোজোনের দেশগুলোতে ঋণ সংকট এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির আবার মন্দাদশায় ফিরে যাওয়ার আশঙ্কায় বিশ্ব বাজারে সপ্তাহব্যাপী টালমাটাল পরিস্থিতির ভিত্তিতে জেলিক ওই মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.
bdnews24