২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের বিচার মুলতবি, টিভি সম্প্রচার বন্ধ

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার সোমবার বিশৃঙ্খল পরিস্থিতির মুখে আগামী মাস পর্যন্ত মুলতবি করাসহ বিচারকাজের সরাসরি টিভি সম্প্রচার বন্ধ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

কায়রো, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিচার সোমবার বিশৃঙ্খল পরিস্থিতির মুখে আগামী মাস পর্যন্ত মুলতবি করাসহ বিচারকাজের সরাসরি টিভি সম্প্রচার বন্ধ করেছে আদালত। মুবারক সোমবার দ্বিতীয়বারের মতো অভিযোগের শুনানির জন্য আদালতে হাজির হন। এ সময় আদালতে উপস্থিত মুবারকবিরোধী আইনজীবীদের হট্টগোলের মুখে বিচারক বিচার মুলতবি করেন। আদালত থেকে বের করে দেন টিভি ক্যামেরা। বিচার দেখতে আদালতে যাওয়া অনেকেই এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। জনসস্মুখে মুবারকের বিচার মিশরে বিক্ষোভকারীদের অন্যতম দাবি। আর সেকারণে আদালতের এ সিদ্ধান্ত 'অযৌক্তিক' বলে মন্তব্য করেছেন এক দর্শক। মামলা সংক্রান্ত আরো স্বাক্ষ্য-প্রমাণ নিয়ে ৫ সেপ্টেম্বর আবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিচারক আহমেদ রিফাত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল-আদলির সঙ্গে মুবারকের বিচার করার আদেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে টেলিভিশনে বিচারকাজের সরাসরি সম্প্রচার শাস্তি ঘোষণার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন রিফাত। কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও রাস্তায় বিক্ষুব্ধ লোকজনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সোমবার আদালতে হাজির করা হয় মুবারককে। আদালতের কাছে মুবারককে নিয়ে অবতরণ করে একটি হেলিকপ্টার। তারপর তাকে আগেরবারের মতোই স্ট্রেচারে করে ঠেলে নিয়ে যাওয়া হয় আদালতকক্ষে। এ সময় আদালতপ্রাঙ্গণে উপস্থিত ছিলো শ শ পুলিশ। বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালালে মুবারক সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে ৩ অগাস্টে মুবারক প্রথম শুনানির জন্য আদালতে হাজির হয়েছিলেন। মিশরে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী হত্যার নির্দেশ দেওয়া এবং দুর্নীতির অভিযোগে মুবারকের বিচার করা হচ্ছে। আরব বিশ্বে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিচারের মুখোমুখি হওয়া মুবারকই প্রথম রাষ্ট্রপ্রধান। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বহু মানুষ টিভিতে তার বিচার দেখতে উদগ্রীব। আদালতের প্রথম শুনানিতে মুবারক দুর্নীতি ও বিক্ষোভকারীদেরকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। রাজধানী কায়রোর এক পুলিশ একাডেমির বিশেষ আদালতে প্রথম মুবারকের শুনানি শুরু হয়। স্ট্রেচারে শুয়ে আদালতে হাজির হন মুবারক। তার সঙ্গে দুই ছেলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং আরো ছয় কর্মকর্তারও বিচার হয়। সবাই অভিযোগ অস্বীকার করে। মুবারকের বিরুদ্ধে প্রধান অভিযোগ, বিক্ষোভকারীদের হত্যা করা। তবে এ অভিযোগ প্রমাণ করা কষ্টকর হবে বলেই ধারণা করা হচ্ছে। মিশরে সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে সরকারি বাহিনীর হাতে প্রায় ৮৫০ জন নিহত হয়েছে-- এ বিষয়টি পরিস্কার হলেও কে এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তা পরিস্কার নয়। এ অভিযোগ প্রমাণ করার মতো কোনো লিখিত বা মৌখিক কমান্ড আছে কিনা তাও জানা যায়নি। তাছাড়া, হত্যাকাণ্ডগুলো যে উর্দি পরা কর্মকর্তারা চালিয়েছে তাও সরাসরি প্রত্যক্ষ করা যায়নি। বরং রাতের আঁধারে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বন্দুকধারীদের হামলায় নিহতের ঘটনা ঘটেছে। আর সেকারণেই হত্যাকাণ্ডের জন্য মুবারককে সরাসরি দায়ী করা কঠিন। কায়রোর তাহরির স্কয়ারে ১৮ দিনের গণবিক্ষোভের পর ১১ ফেব্র"য়ারি পদত্যাগ করেন মুবারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৫ঘ.