বাগাদাদ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের বিভিন্ন নগরীতে গাড়িবোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ৬০ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্টরা সমন্বিত এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে শিয়া অধ্যুষিত আল কুট শহরে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণও ঘটে।
এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৩৭ জন নিহত হয় বলে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক দিয়াউদ্দিন জলিল জানান, এ হামলায় আহত হয়েছে কমপক্ষে ৬৮ জন।
স্থানীয় হাসপাতালের ডাক্তাররা জানান, তারা আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন, অধিকাংশ আহতের দেহই মারাত্মকভাবে পুড়ে গেছে।
বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তরপূর্বে খান বানি সাদ নগরীর পৌরভবনে আরেকটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮ জন আহত হয়েছে ১৪ জন। আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি চালিয়ে পৌরভবনে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তরে তিকরিতে দুই আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের সন্ত্রাস বিরোধী একটি ইউনিটে হামলা চালালে কমপক্ষে দুজন পুলিশ নিহত এবং ছয় পুলিশ আহত হয়।
হামলাকারীরা বন্দি আল কায়েদা সদস্যদের মুক্ত করতে এ হামলা চালায় বলে জানান পুলিশের এক কর্মকর্তা। তবে তারা বন্দিদের মুক্ত করতে পারেনি।
তিকরিতের সন্ত্রাস বিরোধী ইউনিটের ক্যাপ্টেন জসিম আল জিবুরি জানান, বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরা এক হামলাকারী সন্ত্রাস বিরোধী ইউনিটের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটায়, আর অপর হামলাকারী তাদের গুলিতে নিহত হয়।
অপর ঘটনায়, দক্ষিণ ইরাকে শিয়াদের পবিত্র শহর নাজাফে স্থানীয় পুলিশ কার্যালয় লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হলে কমপক্ষে ৩ জন নিহত হয় ও ১৯ জনেরও বেশী আহত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আর একটি ঘটনায় কিরকুকের কেন্দ্রস্থলে গাড়ি ও মোটরবাইকের জোড়া বোমা হামলায় একজন নিহত ও ১২ জন আহত হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
এছাড়া, দিয়ালা প্রদেশের আল ওয়াযেহিয়া শহরে সরকারী একটি কার্যলয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরিত হলে একজন পুলিশ নিহত ও ১৩ জন আহত হয়।
দক্ষিণাঞ্চলের নাজাফ এ দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছে।
রাজধানী বাগদাদেও ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে কারবালার কাছে একটি পুলিশ স্টেশনের পাশে গাড়িবোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৪ জন এবং আহত হয়েছে ৪১ জন।
যুক্তরাষ্ট্রের ইরাক দখল ও সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার ৮ বছর পর চলতি বছরের ডিসেম্বর নাগাদ মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের কথা আছে। তবে প্রশিক্ষণের উদ্দেশ্যে কিছু সেনা ২০১১ সালের পরও থেকে যাবে কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাক কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৪ঘ.
bdnews24