২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার চীনকে দেখিয়েছে পাকিস্তান'

পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা মিশনে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের 'স্টিলথ' হেলিকপ্টার পরীক্ষা করার সুযোগ দিয়েছে চীনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ইসলামাবাদ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা মিশনে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের 'স্টিলথ' হেলিকপ্টার পরীক্ষা করার সুযোগ দিয়েছে চীনকে। ওই অভিযানের পরপরই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) হেলিকপ্টারটি চীনকে না দেখানোর অনুরোধ জানিয়েছিলো পাকিস্তানকে। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে পাকিস্তান একাজ করেছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে 'দ্য ফিন্যান্সিয়াল টাইমস'। গত মে মাসে পাকিস্তানের অ্যাবাটাবাদে চালানো বিন লাদেন হত্যা অভিযানে স্টিলথ হেলিকপ্টার ব্যবহার করে যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি বিকল হয়ে বিধ্বস্ত হওয়ায় কমান্ডোরা তা ফেলে দেয়। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান বিশেষ করে আইএসআই চীনের সেনাবাহিনীকে পরীক্ষা করে দেখতে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে।" এতে বলা হয়, চীনের ঘনিষ্ঠ মিত্র দেশ পাকিস্তান চীনা গোয়েন্দাদেরকে এ হেলিকপ্টারের ছবি তুলতে দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারটির বিশেষ বহিরাবরণের নমুনা সংগ্রহ করতে দিয়েছে। ওই বিশেষ বহিরাবরণ বা 'স্কিন' এর কারণে হেলিকপ্টারটি রাডার এড়িয়ে অভিযান চালাতে সক্ষম। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, পাকিস্তান এ অনুমতি দিয়েছে- একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তবে সত্যিই এমনটি ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে গোয়েন্দা সংস্থা আইএসআই বিধ্বস্ত হেলিকপ্টারের অংশবিশেষ চীনকে দেখানোর খবর প্রত্যাখ্যান করেছে। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে জানান, গত মে মাসে মার্কিন সিনেটর জন কেরির সফরের পর বিধ্বস্ত এ হেলিকপ্টারের লেজের অংশ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিন লাদেন হত্যা অভিযানের পরপরই পাকিস্তান হেলিকপ্টারটি চীনকে দেখাবে বলে আভাস দিয়েছিলো। উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক থাকলেও গোপন মার্কিন অভিযানে বিন লাদেন হত্যার ঘটনায় দু'দেশের সম্পর্কে চিড় ধরেছে। তাছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর অর্থ সহায়তা পেলেও চীনকে বেশি বিশ্বাসযোগ্য সহযোগী মনে করে পাকিস্তান। টেলিযোগাযোগ, বন্দর ও অবকাঠামোগত খাতে পাকিস্তানে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২৭ঘ.