২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার প্রথম সমকামী বিয়ে

কিউবায় সমকামী এক পুরুষ ও অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত এক ব্যক্তি শনিবার বিয়ে করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

হাভানা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবায় সমকামী এক পুরুষ ও অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত এক ব্যক্তি শনিবার বিয়ে করেছেন। দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের বিয়ে হলো। বিয়ের বর হলেন ইগনাসিও এস্ত্রাদা (৩১) ও কনে হলেন উয়েনডে ইরিয়েপা (৩৭)। বিয়ের অনুষ্ঠান ছিলো সাদামাটা ধরনের। হাভানায় সরকারি এক বিয়ে নিবন্ধন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বর ও কনে বিয়ের সনদে সই করে নিজেদের মধ্যে আংটি বদল করেন। এরপর একে অপরকে চুমু দিয়ে সমকামীদের নিজস্ব পতাকা গায়ে জড়িয়ে রাস্তায় নেমে পড়েন। ব্যতিক্রমী এ বিয়ের কনের পরনে ছিলো সাদা পোশাক। বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে তিনি বলেন, "আমি খুবই খুশি এবং ভীত। এটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন।" সাদা স্যুট ও লাল টাই পরা পৃথক গাড়িতে থেকে নেমে বর বলেন, "সমকামী সম্প্রদায়ের জন্য এটি একটি অগ্রযাত্রা।" এইডসের রোগী এস্ত্রাদা জানান, তিনমাস আগে তাদের পরিচয় হয় ও তারা প্রেমে পড়েন। কিউবায় সমকামী বিয়ে আইনত নিষিদ্ধ। তবে এ বিয়েকে সমকামী বিয়ে হিসেবে ধরা যায় না। কারণ কিউবার লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্র অনুমোদিত অস্ত্রোপচারের মাধ্যমে ২০০৭ সালে ইরিয়েপা নারীতে পরিণত হন। আর এ বিয়েতে রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপও ছিল না। কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রোর ৮৫ তম জন্মদিনে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানকে ক্যাস্ত্রোর জন্য একটি 'উপহার' হিসেবে মনে করছেন এই নবদম্পতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫২ ঘ.