২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহত ২২

আফগানিস্তানে এক প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডে হামলায় অন্তত ২২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

কাবুল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে এক প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডে হামলায় অন্তত ২২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। রাজধানী কাবুলের উত্তরপশ্চিমের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে স্থানীয় সময় রোববার সকাল ১১টার পরপর এ হামলা হয়। কম্পাউন্ডের ভিতর থেকে গভর্নর আব্দুল বশির সালাঙ্গি সাংবাদিকদের বলেন, সকালে অন্তত ছয় দফা আত্মঘাতী বোমা হামলা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এ হামলা চালানো হয়। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ২২ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন সরকারি কর্মচারি এবং ৬ জন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় গভর্নরের দপ্তর থেকে কয়েক দফা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। পারওয়ানের প্রাদেশিক হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আসিফ প্রাথমিক খবরে ১৬টি লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন। নিহতদের অধিকাংশই সরকারি কর্মকর্তা বলে জানান তিনি । বিবিসি জানিয়েছে, প্রাদেশিক গভর্নরের দপ্তরে হামলার সময় সেখানে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা প্রধানসহ আন্তর্জাতিক যৌথবাহিনীর সামরিক পরামর্শকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০২৫ ঘ.