কাবুল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে এক প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ডে হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে।
রাজধানী কাবুলের উত্তরপশ্চিমের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে স্থানীয় সময় রোববার সকাল ১১টার পরপর এ হামলা হয়।
কম্পাউন্ডের ভিতর থেকে গভর্নর আব্দুল বশির সালাঙ্গি সাংবাদিকদের বলেন, সকালে অন্তত ছয় দফা আত্মঘাতী বোমা হামলা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এ হামলা চালানো হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৫ পুলিশসহ ১৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় গভর্নরের দপ্তর থেকে কয়েক দফা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
পারওয়ানের প্রাদেশিক হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আসিফ প্রাথমিক খবরে ১৬টি লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন। নিহতদের অধিকাংশই সরকারি কর্মকর্তা বলে জানান তিনি
বিবিসি জানিয়েছে, প্রাদেশিক গভর্নরের দপ্তরে হামলার সময় সেখানে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা প্রধানসহ আন্তর্জাতিক যৌথবাহিনীর সামরিক পরামর্শকরা উপস্থিত ছিলেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি বলেছেন, সকালের এ হামলায় নিহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৫৪৮ ঘ.
bdnews24