ওয়াশিংটন, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার বিরোধী বিক্ষোভ দমন অভিযান বন্ধে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও সৌদি বাদশা আবদুল্লাহ।
শনিবার তারা এ আহ্বান জানান বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এর আগে প্রেসিডেন্ট ওবামা ফোনে সৌদি বাদশা আবদুুল্লাহ ও বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কথা বলেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, "সিরিয়ার সরকারকে সাধারণ জনগণের বিরুদ্ধে সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে বলে প্রেসিডেন্ট ওবামা ও বাদশা আবদুল্লাহ একমত হয়েছেন।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ফোনে ওবামা কথা বলার পর একই ধরনের ভাষ্যে আর একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউজ।
ওই বিবৃতিতে আরো বলা হয়, "ওবামা ও ক্যামেরন সিরিয়ার বিরুদ্ধে আরো কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কথা বলেছেন।"
এর আগে ৫৭ জাতির ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সিরিয়ার সরকারের প্রতি বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানায়।
এদিকে, শনিবারও সিরিয়ার সরকারী বাহিনী তিনজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। উপকূলীয় শহর লাতাকিয়ায় সরকারী বাহিনীর অভিযানের সময় ওই তিনজন নিহত হন।
মানবাধিকার সংগঠন অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমধ্যসাগর তীরবর্তী লাতাকিয়া শহরের রামেল এলাকায় সেনাবাহীর প্রায় ২০টি গাড়ি প্রবেশ করে ব্যাপক গোলাবর্ষণ করলে ২ জন নিহত হয় ও ১৫ জন আহত হয়।
সেনাদের সমর্থন নিয়ে সরকার অনুগত সাব্বিহা মিলিশিয়ারা লাতাকিয়ার সুলাইবা এলাকায় অবস্থান নেয়। এখানে তারা কয়েক ডজন লোককে গ্রেপ্তার করে।
অবজারভেটরি অব হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রাহমান জানান, সেনারা ও সাব্বিহা মিলিশিয়ারা লেবাননের সীমান্তের কুয়াশির শহরে অপর একজনকে হত্যা করে।
সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত পাঁচমাসে সরকারী বাহিনীর দমনাভিযানে এ পর্যন্ত প্রায় ১৭শ সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৩০ ঘ.
bdnews24