ওয়াশিংটন, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালিবানদের গুলিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩০ মার্কিন সেনার দেহাবশেষ শনাক্ত হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সমাহিত করার জন্য সেনা সদস্যদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত শনিবার তালেবান সদস্যদের গুলিতে মার্কিন সেনাবাহী একটি চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনাসহ মোট ৩৪ জন নিহত হয়। দেশটিতে চলমান তালেবানবিরোধী এক দশকের যুদ্ধে একক ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মার্কিন সেনা নিহতের ঘটনা ছিলো সেটি।
নিহতদের লাশ ছিন্নভিন্ন হওয়ায় তৎক্ষণাৎ সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি।
পেন্টাগনের এক মুখপাত্র শুক্রবার জানান, ওই হেলিকপ্টারে থাকা আফগানিস্তানের আট নাগরিকের মধ্যে দুইজনের দেহাবশেষ শনাক্ত করা হয়েছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে আটজনের দেহাবশেষই তাদের দেশে ফেরত পাঠানো হবে।
তিনি জানান, দেলাওয়ারের 'ডোভার বিমান ঘাঁটি'র মেডিক্যাল পরীক্ষকরা নিহতদের আঙুলের ছাপ, দাঁত, রেডিওলজি ও ডিএনএ পরীক্ষাসহ উচ্চতর ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে দেহাবশেষ শনাক্ত করেছেন।
পেন্টাগনের পক্ষ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর-পশ্চিমের একটি প্রত্যন্ত উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনাদের নিহতের ঘটনাকে 'মহাদুর্যোগ' হিসেবে অভিহিত করা হয়েছে। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল টিমের সদস্য ছিলেন।
মার্কিন সেনাবাহিনী বলেছে, রকেটচালিত গ্রেনেড ছুড়ে হেলিকপ্টারটি ভূপাতিত করে তালিবান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/২৩১৮ ঘ.
bdnews24