২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন নাগরিককে অপহরণ

পাকিস্তানে নিজ বাসা থেকে এক মার্কিন নাগরিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 05:26 PM

Updated : 25 Apr 2022, 11:35 PM

লাহোর, পাকিস্তান, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে নিজ বাসা থেকে এক মার্কিন নাগরিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। লাহোরের বাসা থেকে অপহৃত ওয়ারেন ওয়েইনস্টেইন (৬০) একটি উন্নয়ন প্রকল্পে কর্মরত ছিলেন। লাহোরের পুলিশ কর্মকর্তা তাজমল হোসেন রয়টার্সকে বলেন, "ছয় থেকে আট জন মানুষ ভোররাত সাড়ে ৩টার দিকে তার বাসায় প্রবেশ করে। ওই সময় নিরাপত্তারক্ষীরা সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। "অপহরণকারীদের মধ্যে দুজন সামনের ফটক দিয়ে এবং ছয়জন পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢোকে। তারা নিরাপত্তারক্ষীদের মারধর করে ওই ব্যক্তিকে নিয়ে যায়।" ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যম জানিয়েছে, সহিংসতাপ্রবণ উপজাতীয় এলাকায় একটি উন্নয়ন প্রকল্পে জে ই অস্টিন অ্যাসোসিয়েটস নামের একটি পরামর্শ দানকারী প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন ওয়েইনস্টেইন। ওয়েইনস্টেইন পাঁচ থেকে ছয় বছর ধরে পাকিস্তানে আছেন। তিনি মূলত ইসলামাবাদে থাকলেও মাঝে মাঝে লাহোর যেতেন। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বন্ধুকধারীরা ওই ব্যক্তির গাড়িচালককে জোর করে তার দরজায় কড়া নাড়তে বাধ্য করে। দরজা খোলার পর তারা তাকে তুলে নিয়ে যায়। এখনো কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি বলে জানান তিনি। পাকিস্তানে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা মাঝে মাঝেই ঘটে। আবার ইসলামপন্থী জঙ্গিরাও বিদেশিদের অপহরণ করে। গত জুলাইয়ে বেলুচিস্তান প্রদেশে অপহরণ হওয়া এক সুইস দম্পতিকে নিজেদের জিম্মায় নেওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এ সংগঠনটির। এফবিআই'র চর ও মার্কিন সেনাদের গুলি করার অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাবন্দি এক পাকিস্তানি নারীর মুক্তির বিনিময়ে ওই সুইস দম্পতিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২৩১৫ ঘ.