বার্লিন, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাবেক পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর নির্মাণের ৫০ বছর পূর্তি পালন করেছে জার্মানরা।
তৎকালীন কমিউনিস্ট শাসিত পূর্ব জার্মানি ১৯৬১ সালের ১৩ অগাস্ট ঐতিহাসিক ওই বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। বন্ধ হয় দুদেশের মানুষের সীমান্ত পারাপার। দীর্ঘ ২৮ বছর বিচ্ছিন্ন থাকার পর ১৯৯০ সালে আবার এক হয় দুই জার্মানি।
প্রাচীর পেরোতে গিয়ে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে শনিবার দুপুরে রাজধানী বার্লিনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বার্নেয়ার স্ট্রিটে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর মেয়র ক্লাউস ভোভেরেইট বলেন, সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কষ্টের দিনকে স্মরণ করছে বার্লিন।
"স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এবং এ ধরনের অন্যায় যাতে আর না ঘটতে পারে সেজন্য এ স্মৃতিকে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।"
জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ বলেন, জার্মানি আবার সফলভাবে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, "এই প্রাচীর নির্মাণের মধ্য দিয়ে যে অবিচার করা হয়েছিলো তা আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, দেশে ও দেশের বাইরে স্বাধীনতা, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের পাশে দাঁড়াতে হবে।"
পূর্ব জার্মানির সেনারা ১৯৬১ সালের ১৩ অগাস্ট সকালে ওই প্রাচীর নির্মাণ শুরু করে।
যেখানে ছিলো কাঁটাতারের বেড়া সেখানে ১৬০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যরে তিন দশমিক ছয় মিটার উঁচু দেওয়াল গড়ে তোলা হয়। প্রাচীরের পুরো এলাকাজুড়ে থাকে তিনশ'র বেশি ওয়াচটাওয়ার। কেউ ওই প্রাচীর পাড়ি দেওয়ার চেষ্টা করলে ওই টাওয়ারে অবস্থানরত সেনারা তাদের বাধা দিতেন।
১৯৬১ সালের ২৪ অগাস্ট থেকে ১৯৮৯ সালের ৬ ফেব্র"য়ারি পর্যন্ত বার্লিন প্রাচীর পার হতে গিয়ে একশ' ৩৬ জন মানুষ নিহত হয় বলে সরকারি হিসাবে বলা হলেও মানবাধিকারকর্মীরা সে সংখ্যা সাতশ'র বেশি বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/জিএনএ/২০৫৭ ঘ.
bdnews24