ওয়াশিংটন, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপানে পুরুষের চেয়ে নারীর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ২৪ লাখ মানুষ আর ৪৪ হাজার হৃদরোগীকে পর্যবেক্ষণে মিলেছে এ তথ্য।
বুধবার 'দ্য লানচেট মেডিকেল জার্নাল' এ প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ধূমপানে পুরুষের চেয়ে নারীর রক্ত সরবরাহকারী ধমনী সম্পর্কিত হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ বেশি।
ধূমপানের কারণে প্রতি বছরে নারী ও পুরুষের মধ্যকার হৃদরোগের ঝুঁকির পার্থক্য দুই শতাংশ বাড়ে বলেও গবেষণায় বলা হয়েছে। গবেষণায় ২৪ লাখ সাধারণ মানুষ ও ৪৪ হাজার হৃদরোগের ঘটনা পর্যালোচনা করা হয়।
গবেষক দলের প্রধান মিনেসোটা ইউনিভার্সিটির র্যাচেল হাক্সলে বলেন, "লৈঙ্গিক পার্থক্যের জন্য ঝুঁকি তারতম্যের বিষয়টি এখনো ব্যাপকভাবে স্বীকৃত নয়। তবে নারী ও পুরুষের শারীরিক গঠনের পার্থক্য অথবা ধূমপানের অভ্যাসের ভিন্নতার কারণে ঝুঁকির ক্ষেত্রে তারতম্য হয়ে থাকতে পারে।"
"উদাহরণ স্বরূপ বলা যায়, কিছু তথ্যে পুরুষের তুলনায় নারী শরীর সিগারেট থেকে বেশি ক্ষতিকর জিনিসগুলোকে গ্রহণ করার ইঙ্গিত রয়েছে। হয়তো মেয়েদের ধোঁয়া শ্বসনের মাত্রা বেশি অথবা নিবিড়ভাবে ধূমপান করার কারণে এমনটি হয়ে থাকতে পারে", বলেন তিনি।
বিশ্বের ১১০ কোটি ধূমপায়ীর এক পঞ্চমাংশই নারী।
উন্নয়নশীল দেশে বসবাসকারী নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের উন্নতির সঙ্গে তাদের ধূমপানের প্রবণতা বাড়ায় লাখ লাখ নারী বিভিন্ন রোগ ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৪ ঘ.
bdnews24