২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়বারের মতো আলোচনায় বসছেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি দেশটির সেনাবাহিনী সমর্থিত সরকারের এক মন্ত্রীর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি দেশটির সেনাবাহিনী সমর্থিত সরকারের এক মন্ত্রীর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। এটি হবে সরকারের সঙ্গে তার দ্বিতীয় দফা বৈঠক। দেশটির সরকারি নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ খবর জানায়। এছাড়া গত মার্চে সেনা সমর্থিত নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর প্রথমবারের মতো সরকার সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। গত মাসে সরকারের সাথে প্রথমবারের মতো আলোচনায় বসেন সু চি। ওই বৈঠককে শ্রমমন্ত্রী অং কি ইতিবাচক উল্লেখ করে জানান, তারা আইনের শাসন ও জনগণের কল্যাণে ভুল বোঝাবুঝি দূর করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ওই বৈঠকের পর দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের প্রত্যাশা তৈরি হয়। গত বছরের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর ইয়াঙ্গুনের বাইরে প্রথমবারের মতো রাজনৈতিক সফরে যাওয়ার পরিকল্পনা করছেন সু চি। গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দায়ে ২০ বছরের অধিকাংশ সময় সু চিকে গৃহবন্দি করে রাখে মিয়ানমারের জান্তা সরকার। তবে সু চির যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকার সতর্কতা জারি করেছে। পাশাপাশি ইয়াঙ্গুনের বাইরে সফরের বিষয়েও নিষেধাজ্ঞা জারি রেখেছে সরকার। গত বছর দেশটিতে জাতীয় নির্বাচনে শান্তিতে নোবেল জয়ী সু চি ও তার দলের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জান্তা সরকার। ওই নির্বাচন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার সম্মুখীন হয়। নির্বাচনে স্বাভাবিকভাবেই সেনা সমর্থিত দল জয় লাভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.