২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গাবাজদের মাশুল দিতে হবে: ক্যামেরন

ব্রিটেনে দাঙ্গাবাজদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার পার্লামেন্টে জরুরি অধিবেশনে তিনি বলেন, দাঙ্গাবাজরা যা করেছে সেজন্য তাদেরকে মাশুল দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

লন্ডন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে দাঙ্গাবাজদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার পার্লামেন্টে জরুরি অধিবেশনে তিনি বলেন, দাঙ্গাবাজরা যা করেছে সেজন্য তাদেরকে মাশুল দিতে হবে। সে অভিযান ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানান তিনি। টানা তিনদিনের দাঙ্গা-হাঙ্গামার পর লন্ডনের পরিস্থিতি শান্ত হয়ে এলেও ইংল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বুধবার দ্বিতীয় বারের মতো জরুরি বৈঠক করার পর ক্যামেরন বৃহস্পতিবার ফের পার্লামেন্ট অধিবেশন ডাকেন। কয়েক দশকের মধ্যে ব্রিটেনে ভয়াবহ এ দাঙ্গা, লুটতরাজ ও সহিংসতার ঘটনায় নানা চাপের মুখে পড়েছেন ক্যামেরন। সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পরিকল্পনা শিথিল করার পাশাপাশি পুলিশ প্রহরা জোরদার করা, দাঙ্গায় ক্ষয়ক্ষতি এবং জনগণের ভীতি কাটিয়ে ওঠার চাপ আছে তার ওপর। এ চাপের মুখেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি। একইসঙ্গে তিনি দাঙ্গার প্রথম দিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। দাঙ্গার ঘটনায় পুলিশ স্পষ্টতই প্রাথমিকভাবে সঠিক ব্যবস্থা নেয়নি জানিয়েছেন ক্যামেরন। তিনি বলেন, এ সপ্তাহান্তে লন্ডনের রাস্তায় ১৬ হাজার পুলিশ মোতায়েন রাখা হবে। আর ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সেনাদেরও মাঠে নামানোর কথা ভাবা হবে। মুখোশধারী দাঙ্গাবাজদের পাকড়াও করা হবে জানিয়ে ক্যামেরন বলেন, এ ধরনের কাউকে অপরাধী বলে সন্দেহ হলে পুলিশ তাদের মুখোশ খুলতে পারবে। দাঙ্গা এবং লুটতরাজে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্র"তি দিয়েছেন ক্যামেরন। এর আগে বুধবার দাঙ্গা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। দাঙ্গা দমনে পুলিশের যা যা দরকার তার সবকিছুরই ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পুলিশকে রাবার বুলেট ব্যবহারের অনুমতি দেয়া হবে। ২৪ ঘন্টার মধ্যে জল কামান ব্যবহার করতে পারবে পুলিশ। দোষীদের বিচার ও কঠোর সাজার সম্মুখীন করতে মানবাধিকারের ধুয়া তুলে কোন ধরণের আইনি জটিলতা যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন ক্যামেরন। সারা দেশে হাজারেরও বেশি দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে রাতেও আদালতের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, দাঙ্গাকারীদের চিহ্নিত করার জন্য তাদের ছবি প্রকাশ করা হবে। তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিশাল অভিযান পরিচালনা করবে। ছবি দেখে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এদের ছবি প্রকাশে মানবাধিকার সম্পর্কিত কোন ধরনের আইনি জটিলতা বাধা হবে না বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সহিংসতায় জড়িতদের জেলে পাঠানো হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩০ঘ.