ওয়াশিংটন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ মনে করে তাদের দেশ ভুল পথে চলছে এবং জনসংখ্যার প্রায় অর্ধেক মনে করে সামনে আরো খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে।
বুধবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপের ফলাফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এমন শঙ্কিত মনোভাবই প্রকাশ পেয়েছে।
গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত পরিচালিত এ জরিপে অর্থনৈতিক অবস্থা নিয়ে মার্কিনিদের ক্রমবর্ধমান উদ্বেগ ও হতাশার ছবি স্পষ্ট হয়ে উঠেছে।
গত সপ্তাহের প্রায় শেষ সময়ে ঋণখেলাপি হওয়া থেকে কোনরকমে রক্ষা পায় যুক্তরাষ্ট্র সরকার। এরপর স্ট্যান্ডার্ড এন্ড পুওর'স-এর ঋণসূচকে অবনমন, পুঁজি বাজারের পতন ও ৯ দশমিক এক শতাংশ বেকারত্ব নিয়ে রীতিমতো কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র।
২০১২ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্ট বারাক ওবামার জনসমর্থন এ মুহূর্তে ৪৫ শতাংশে নেমে এসেছে। এক মাস আগেও যা ৪৯ শতাংশ ছিল। এই এক মাসে যুক্তরাষ্ট্রের নিকট ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন ঋণসূচকে অবনমনের ঘটনা ঘটেছে।
জরিপের ফলাফলে দেখা যায়, দেশটির ৭৩ ভাগ মানুষ মনে করে যুক্তরাষ্ট্র "ভুল পথে চলছে", এর বিপরীতে মাত্র ২১ ভাগ মানুষ মনে করে দেশ সঠিক পথে চলছে।
জরিপে দেখা যায়, ৪৭ ভাগ মানুষ বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে "সামনে আরো কঠিন সময় আসছে"। এর আগে গত বছর এ প্রশ্ন যখন করা হয় তখন ৩৪ ভাগ মানুষ এমন আশঙ্কা প্রকাশ করেছিল। শুধু ২০০৯ সালের মার্চে মন্দাবস্থার সময়ই এর চেয়ে বেশি, ৫৭ ভাগ মানুষ এমন আশঙ্কা প্রকাশ করেছিল।
ইপসোস'র জরিপকারী জুলিয়া ক্লার্ক জানান, 'ভুল পথে চলা'র পক্ষে জনমতে বোঝা যায় অর্থনীতির অবস্থা নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে এবং উভয় রাজনৈতিক দলের বিষয়েও মানুষ হতাশ।
তবে এতে বলা যায় না, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা কেমন ফল করবে, বলেন জুলিয়া।
ঋণসীমা বৃদ্ধি নিয়ে রিপাবলিকান পার্টির কট্টর অবস্থান তাদের জন্য বির্পর্যয় ডেকে আনবে বলেই জরিপে আভাস পাওয়া গেছে। ঋণসীমা চুক্তির পর ৪৯ ভাগ মার্কিনি রিপাবলিকানদের বিষয়ে ঋণাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আর ৪২ ভাগ মানুষ রিপাবরিকানদের 'টি পার্টি' আন্দোলনের বিরোধিতা করেছে।
এর বিপরীতে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ৪০ ভাগ মানুষ।
ঋণসীমা বিতর্কে ওবামার অবস্থান নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে ৪২ ভাগ মানুষ আর কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান জন বোহেনারের ব্যাপারে নেতিবাচকতা প্রকাশ করেছে ৩৭ ভাগ মানুষ।
৮৮৫ জন রেজিস্ট্রার্ড ভোটারসহ ১,০৫৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়। এতে ভুলের মাত্রা তিন শতাংশ ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৫ ঘ.
bdnews24