২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন শান্ত হলেও ভীতি কাটেনি

টানা চার দিন দাঙ্গার পর লন্ডন অনেকটা শান্ত হলেও ভীতি কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী। বিভিন্ন স্থানে পুলিশের পাহারা রয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ১ হাজার জন। বসছে পার্লামেন্ট অধিবেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

লন্ডন, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার দিন দাঙ্গার পর লন্ডন অনেকটা শান্ত হলেও ভীতি কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী। বিভিন্ন স্থানে পুলিশের পাহারা রয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ১ হাজার জন। বসছে পার্লামেন্ট অধিবেশন। লন্ডন মহানগর পুলিশ বুধবার জানিয়েছে, দাঙ্গা ও লুটতরাজে জড়িত থাকার অভিযোগে অন্তত ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৭৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে তাদের অভিযুক্ত করা হয়েছে। দাঙ্গা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ২৫০ জন কর্মকর্তাকে মিডল্যান্ডে নামানো নামানো হয়েছে। রাজধানী লন্ডনে বুধবার রাতেও ১৬ হাজার পুলিশ পাহারায় ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাঙ্গাবাজদের তৎপরতা যেখানে বেশি ছিলো, সে এলাকাগুলো এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে পুলিশ। দাঙ্গায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার সামগ্রিক চিত্র পাওয়া যায়নি। পরিস্থিতির উন্নতিতে কী করণীয়- তা জানতে একটি ওয়েবসাইট খুলেছে যুক্তরাজ্য সরকার। নাগরিকরা তাদের মতামত সেখানে জানাতে পারবেন। এক কৃষ্ণাঙ্গ যুববকের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার লন্ডনে শুরু হয় দাঙ্গা। টানা তিন দিন বিশ্বের ব্যস্ততম এ নগরীতে চলে হামলা-ভাংচুর-লুটতরাজ। এরপর তা মিডল্যান্ড, ম্যানচেস্টার ও বার্মিংহামেও ছড়িয়ে পড়ে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকে লন্ডনে। এরপর অন্য শহরগুলোতে শান্তি ফিরতে শুরু করেছে। বুধবার রাতে লন্ডন, ম্যানচেস্টার কিংবা বার্মিংহ্যামে কোনো ধরনের অঘটন না ঘটলেও নগরবাসীর চোখেমুখে ছিলো ভীতির ছাপ। পথে মানুষ খুব একটা দেখা যায়নি। বেশিরভাগ মানুষই ছিলেন বাড়িতে। হঠাৎ করে কেন কিশোর-তরুণরা দাঙ্গাবাজ হয়ে উঠলো, তা বুঝতে পারছে না কেউই। বিশ্লেষকরা বলছেন, দাঙ্গার আগুন নিভতে শুরু করলেও সহিংসতা-লুটতরাজ যুক্তরাজ্যের বৈচিত্র্যময় সমাজকে যে ধাক্কা দিলো, তা সামলে উঠতে অনেক সময় লাগবে। দাঙ্গার মধ্যেই মঙ্গলবার বার্মিংহ্যামে ঘটে বিয়োগান্তক একটি ঘটনা। রাতে সম্পদ রক্ষা করতে গিয়ে দাঙ্গাবাজদের গাড়িচাপায় তিন তরুণ নিহত হয়। তারা সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। তারা হলেন- দুই ভাই শাহজাদ আলী (৩০) ও আব্দুল মুসব্বির (৩১) এবং হারুন জাহান (২১)। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩২ বছর বয়েসি এক কৃষ্ণাঙ্গ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা বার্মিংহ্যামে এশিয়ান ও আফ্রিকানদের মধ্যে নতুন করে দাঙ্গার সূত্রপাত ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তবে সম্ভাব্য সংঘাত এড়াতে পুলিশ স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। নিহত হারুন জাহানের বাবা তারিক জাহান বুধবার সন্ধ্যায় আবেগপূর্ণ এক বিবৃতিতে সবাইকে শান্ত থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জাহান। তিনি বলেন, "এটি কোনো বর্ণবাদী বিষয় নয়। সাদা, কালো, এশীয়- আমরা সবাই এক কমিউনিটিতে বাস করি। আমরা একে অন্যকে কেন হত্যা করতে যাবো?" প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কঠোর হাতে অরাজকতা দমনের জন্য জলকামান ও রাবার বুলেট ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বলেছেন। ব্রিটেনে মূল ভূখণ্ডে অতীতে কখনো জলকামান বা রাবার বুলেট ব্যবহৃত হয়নি। বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়েছে। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দোষীদের বিচার ও কঠোর সাজার সম্মুখীন করতে মানবাধিকারের প্রশ্ন তুলে কোনো ধরনের আইনি জটিলতা যাতে না হয়, সে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। দাঙ্গা আর লুটপাট ঠেকাতে সরকারের সক্রিয়তার প্রমাণ হিসেবে বিচারও শুরু হয়ে গেছে। এ জন্য ম্যাজিস্ট্রেটরা কাজ শুরু করেছেন। প্রায় ১ হাজার গ্রেপ্তারকৃতের মধ্য থেকে ২৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়ে গেছে। ডেভিড ক্যামেরন বলেন, দাঙ্গা দমনে পুলিশের যা যা প্রয়োজন, সবই দেওয়া হবে। দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাতেও আদালত বসার ব্যবস্থা করা হয়েছে। দাঙ্গার সূত্রপাত গত ৪ আগস্ট রাতে উত্তর লন্ডনের টটেনহ্যামে মার্ক ডুগান নামের ২৯ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। একটি মিনিক্রাবে ছিলেন মার্ক ডুগান। আগ্নেয়াস্ত্র অপরাধ সংক্রান্ত অপারেশন ট্রাইডেন্ট নামের একটি অভিযান পরিচালনার সময় পুলিশের গুলিতে মার্ক ডুগান মারা যান বলে বলা হচ্ছে। তার মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠে টোটেনহ্যামের কৃষ্ণাঙ্গরা। ডুগানকে হত্যার প্রতিবাদে পরদিন ২ শতাধিক মানুষ টটেনহ্যাম পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরার মলোটভ ককটেল, পেট্রল বোমা ইত্যাদি ছুড়তে থাকে পুলিশকে লক্ষ করে। আগুন ধরিয়ে দেয় পুলিশের দুটি গাড়িতে। একটি দোতলা বাসও তারা জ্বালিয়ে দেয়। এরপর দাঙ্গা ছড়িয়ে পড়ে পুরো লন্ডনে। ডুগানের মৃত্যু তদন্তে পুলিশ কাজ করছে। অলিম্পিক নিয়ে সংশয় যুক্তরাজ্যের ভয়াবহ এ দাঙ্গায় সংশয়ে পড়েছে ২০১২ অলিম্পিক। অলিম্পিক আসর সাজাতে যখন ব্যস্ত গোটা ইংল্যান্ড, তারই মধ্যে এমন বিশৃঙ্খলা ভাবিয়ে তুলেছে সবাইকে। অবশ্য লন্ডনের মেয়র বরিস জনসন সবাইকে পুনরায় নিশ্চয়তা দিয়ে বলেছেন, "লন্ডন নিরাপদে আছে। আমি মনে করি, সামনের বছর সবাই সুন্দর একটি অলিম্পিক উপভোগ করতে পারবে।" এ বিশৃঙ্খলা এক বছর পরের অলিম্পিক আসরে প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/১২১৫ ঘ.