আম্মান, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার নেতাদের কাছে সাধারণ মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়েছে তুরস্ক। আগামী কয়েকদিন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও তুরস্ক জানিয়েছে।
এর মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর দেশের নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে তুরস্কের চাপ বৃদ্ধি পেল। আসাদ ঘোষণা করেছিলেন, তার বাহিনী "সন্ত্রাসী গোষ্ঠিগুলো"কে দমন করতে অভিযান চালিয়ে যাবে।
দামেস্ক থেকে ফিরে মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, "আসছে দিনগুলোর পরিস্থিতি সিরিয়া ও তুরস্ক উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রধান ও প্রথম লক্ষ্য হচ্ছে রক্তপাত বন্ধের মধ্য দিয়ে সিরিয়ায় সাধারণ নাগরিক হত্যা বন্ধ করা।"
দাভুতগলু বলেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকের সময় পরিষ্কারভাবে তুরস্কের মনোভাব জানিয়ে দিয়েছেন। তিনি সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির অন্যান্য শীর্ষ নেতাদেরও জানিয়েছেন তুরস্ক কি চায়।
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের লিখিত একটি বার্তা ও প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ানের মৌখিক বার্তা প্রেসিডেন্ট আসাদের কাছে দিয়েছেন বলে জানান দাভুতগলু।
তিনি বলেন, "আমরা মনে করছি রক্তপাত বন্ধে সিরিয়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
তুরস্কের নেতারা এক সময় আসাদ সরকারকে সমর্থন করতো। কিন্তু পাঁচ মাস আগে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন থামাতে দমনপীড়ন বন্ধে আসাদ সরকারের প্রতি তুরস্ক বারবার আহ্বান জানিয়ে আসছে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য চাপ দিচ্ছে।
ওদিকে, তুরস্কের এ চাপের মুখেও আসাদ সরকার ট্যাংক হামলা চালিয়ে যাচ্ছে।
সিরিয়ার সেনাবাহিনী মঙ্গলবার দেশটির ইরাক সীমান্তের পূর্বাঞ্চলীয় শহর দিয়ার আল জোর এ ট্যাংক নিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, সেনাদের চোরাগোপ্তা হামলায় চারজন সাধারণ মানুষ নিহত হয়েছে।
এছাড়া তারা দশদিন ধরে অবরুদ্ধ শহর হামার আশপাশের গ্রামগুলোতেও হামলা চালাচ্ছে। এখানে ও তুর্কি সীমান্তবর্তী বিনিশ শহরে হামলা চালিয়ে তারা ছয় ও এগারো বছরের দুটি বালিকাসহ মোট তিরিশ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে সিরিয়ার মানবাধিকার গ্রুপগুলো।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৫ঘ.
bdnews24