সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনদিনের দাঙ্গা-হাঙ্গামার পর লন্ডনের পরিস্থিতি শান্ত হয়ে এলেও ইংল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দাঙ্গা দমনে কড়া ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।
বার্মিংহ্যাম, মানচেস্টার, লিভারপুল, গ্লস্টার, লিডস ও ব্রিস্টারে দাঙ্গা, লুটতরাজ, সহিংসতার ঘটনায় প্রধানমন্ত্রী ক্যামেরনের সভাপতিত্বে ইমার্জেন্সি কমিটি কোবরা বুধবার দ্বিতীয়বারের মতো সভা করে।
আইনশৃঙ্খলা ফেরাতে সরকার পুলিশকে সবরকম সহায়তা করবে জানিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, দাঙ্গা দমনে পুলিশের যা যা দরকার তার সবকিছুরই ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পুলিশকে রাবার বুলেট ব্যবহারের অনুমতি দেয়া হবে। ২৪ ঘন্টার মধ্যে জল কামান ব্যবহার করতে পারবে পুলিশ।
বৃহস্পতিবার পার্লামেন্টে আবার অধিবেশন আহ্বান করেছেন ক্যামেরন। দোষীদের বিচার ও কঠোর সাজার সম্মুখীন করতে মানবাধিকারের ধুয়া তুলে কোন ধরণের আইনি জটিলতা যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন তিনি। সারা দেশে হাজারেরও বেশি দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়েছে।
ব্রিটেনে টানা চার দিনের এই দাঙ্গায় প্রথমবারের মতো তিন জন মারা গেছেন। বার্মিংহ্যামের এশিয় অধ্যুষিত এলাকা উইনসনগ্রীসের ডাডলি রোডে তিন পাকিস্তানি বংশোদ্ভূত যুবক একটি গাড়ি চাপা পড়ে মারা যান।
তাদের আত্মীয় স্বজন দাবি করেছেন, নিজেদের সহায় সম্পত্তি পাহারা দেয়ার সময় শাহজাদ (৩০) মুনির হোসেন (৩২) নামের দুই ভাই এবং হারুন জাহান (১৯) নামের তরুণ গাড়ি চাপায় নিহত হয়েছে।
গাড়িটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ পরবর্তীতে এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিহতদের প্রতিবেশীরা বলেছেন, নিহতরা মধ্যরাতে মসজিদে তারাবির নামাজ শেষে আরও অনেকের সঙ্গে তাদের এলাকায় যাতে লুটতরাজ না হয় সে জন্যে ডাডলি রোডে অবস্থান নেন।
এ সময় একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও এম্বুলেন্স আসার আগ পর্যন্ত ৭০/৮০ জনের মতো লোক তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। এই ঘটনার পরই এলাকায় এশীয়দের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ শ মানুষ স্থানীয় হাসপাতালে ভিড় জমায়। স্থানীয় এমপি শাবানা মাহবুদ কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ডাডলি রোড মসজিদে জরুরী ভিত্তিতে সভা করেন।
এক প্রত্যক্ষদর্শী এক বলেন, এটা কোন দুর্ঘটনা নয়, ফুটপাতে তাদের ওপর গাড়ি চালিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায়। ২০ মিনিট দেরিতে এম্বুলেন্স এসে পৌঁছার কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী বলেছেন, দাঙ্গাকারী ও লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে রাতেও আদালতের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, দাঙ্গাকারীদের চিহ্নিত করার জন্য তাদের ছবি প্রকাশ করা হবে। দাঙ্গাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিশাল অভিযান পরিচালনা করবে। ছবি দেখে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
এদের ছবি প্রকাশে মানবাধিকার সম্পর্কিত কোন ধরনের আইনি জটিলতা বাধা হবে না বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
ডেভিড ক্যামেরন বলেন, যারা সহিংসতায় জড়িত ছিল তাদের জেলে পাঠানো হবে। তিনি বলেন, জেলে পাঠানো না পাঠানোর দায়িত্ব আদালতের, তবে আমি আশা করি এদের প্রত্যেককেই জেল দণ্ড দেয়া হবে।
ওদিকে, লন্ডনের পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশের সংখ্যা না কমানোর আহ্বান জানিয়েছেন মেয়র বরিস জনসন। কোয়ালিশন সরকারের ব্যয় সংকোচ পরিকল্পনায় লন্ডনে ২ হাজারের বেশি পুলিশের সংখ্যা কমানোর ঘোষণা দেয়া হয়েছিল। এই সিদ্ধান্তটি এখন ফের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন মেয়র বরিস।
লন্ডনে ইতোমধ্যেই হাজার হাজার পুলিশ মোতায়েন হওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। গত তিনদিনের তাণ্ডবের পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কারে নেমেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতেই লন্ডনের পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে। টানা তৃতীয় দিনের মতো সহিংসতা ও লুটপাটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে মঙ্গলবার ১৬ হাজার পুলিশ নেমেছে লন্ডনের রাস্তায়। ভাংচুর ও দাঙ্গায় জড়িতদের দ্রুত বিচার করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আগের তিনদিন কার্যত অরক্ষিত থাকার পর লুটপাট ও অগ্নিসংযোগের শিকার এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়।
নজিরবিহীন এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ক্যামেরন গ্রীষ্মকালীন অবকাশ সংক্ষিপ্ত করে ইতালি থেকে দেশে ফিরে পুলিশের সব ছুটিও বাতিল করেন ।
ছুটি সংক্ষেপ করে জরুরি ভিত্তিতে লন্ডনে ফিরেন বিশ্বের ব্যস্ততম শহর লন্ডনের মেয়র বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মেসহ মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য।
যুক্তরাজ্যে অগাস্ট হচ্ছে ছুটির মাস। ২০০২ সালের পর এই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ছুটিতে দেশটিতে পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়েছে।
লন্ডনের অরাজক পরিস্থিতির কারণে এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশংকায় পূর্বনির্ধারিত ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবারের ইংল্যান্ড- নেদারল্যান্ডস প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়। এছাড়া আরো তিনটি ক্লাব ম্যাচ স্থগিত করা হয়।
২০১২ সালের বিশ্ব অলিম্পিকের আয়োজক শহর লন্ডন। ওই মহাআয়োজনের মাত্র এক বছর আগে এ ধরনের সহিংসতা ও লুটপাটের ঘটনায় স্বাগতিক শহর হিসেবে লন্ডনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশে
bdnews24