২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ২১ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন ২১ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মাঝে বিদেশি জঙ্গিও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

পেশোয়ার (পাকিস্তান), অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সন্দেহভাজন ২১ জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মাঝে বিদেশি জঙ্গিও রয়েছে। আফগান সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত ওই অঞ্চলটিতে বুধবার এই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানান। অঞ্চলটির প্রধান শহর মিরানশাহ থেকে ২ মাইল পূর্বে একটি বাড়ি লক্ষ করে ড্রোন হামলা চালানো হলে নিহতের এই ঘটনা ঘটে। অঞ্চলটিতে আল কায়েদা ও তালেবান জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে। পরিচয় প্রকাশ না করার শতে উত্তর ওয়াজিরিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে "স্থানীয় তালেবানসহ বেশ কয়েকজন আরব এবং উজবেশ নাগরিকও রয়েছেন।" তবে হামলায় উচ্চ পর্যায়ের কোনো জঙ্গি নিহত হয়েছে কি না তা এখনো পর্যন্ত জানা যায় নি। প্রাথমিকভাবে পাঁচ জঙ্গি নিহত হওয়ার খবর জানানো হলেও হামলায় বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে উদ্ধারকৃত লাশের সংখ্যা গিয়ে ২১ জনে দাঁড়িয়েছে। চলতি বছরের মে মাসে মার্কিন কমান্ডো হামলায় পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে আত্মগোপনকারী আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন। পাক কর্তৃপক্ষের অজ্ঞাতসারে পাকিস্তানের মাটিতে মার্কিনিদের এই অভিযান পরিচালনা করায় দেশটির সার্বভৌমত্ত্ব প্রশ্নবিদ্ধ হয় এবং এর তীব্র সমালোচনা শুরু হয়। এরপর থেকেই ড্রোন হামলা নিয়ে পাক-মার্কিন সম্পর্কে দ্বন্দ্ব তৈরি প্রকাশ্য হয়ে ওঠে। তবে পাকিস্তান প্রকাশ্যে ড্রোন হামলার বিরোধিতা করলেও গোপনে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তাই করে যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৩ ঘ.