২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা ছড়িয়েছে লন্ডনের বাইরেও

টানা তৃতীয় দিনের মতো সহিংসতা ও লুটপাটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে ১৬ হাজার পুলিশ নেমেছে লন্ডনের রাস্তায়। সেখান থেকে জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা| ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:09 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় দিনের মতো সহিংসতা ও লুটপাটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে ১৬ হাজার পুলিশ নেমেছে লন্ডনের রাস্তায়। ভাংচুর ও দাঙ্গায় জড়িতদের দ্রুত বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মঙ্গলবার লন্ডন ছাড়াও বার্মিংহ্যাম, ব্রিস্টল, লিভারপুল ও নটিংহ্যামে সহিংসতা ছড়িয়ে পড়লে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকেন ক্যামেরন। নজিরবিহীন এ পরিস্থিতিতে নিজে গ্রীষ্মকালীন অবকাশ সংক্ষিপ্ত করে ইতালি থেকে দেশে ফিরে পুলিশের সব ছুটিও বাতিল করে দেন। ছুটি সংক্ষেপ করে জরুরি ভিত্তিতে লন্ডনে ফিরেছেন বিশ্বের ব্যস্ততম এ শহরের মেয়র বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মেসহ মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য। যুক্তরাজ্যে অগাস্ট হচ্ছে ছুটির মাস। ২০০২ সালের পর এই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ছুটিতে দেশটিতে পার্লামেন্ট অধিবেশন ডাকা হলো। এদিকে সহিংসতার সময় গুলিতে আহত একজন যুবক মঙ্গলবার হাসপাতালে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ে আলোচনার মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নিরাপত্তা প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন ক্যামেরন। বৈঠক শেষে তিনি বলেন, দাঙ্গায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে যে কোনো মূল্যে। গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের ২৯ বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার জের ধরেন এই সহিংসতার শুরু। বিক্ষুব্ধ জনতা শনিবার সন্ধ্যায় লন্ডনের টটেনহামে ডুগানের মৃত্যুর প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে লন্ডনের বিভিন্ন স্থানে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। জনতা গাড়ি ও বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় ব্যাপক লুটপাট। সহিংসতা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। বার্মিংহ্যামে গ্রেপ্তার করা হয়েছে ১৪০ জনকে। এদিকে সোমবার রাতে ক্রয়ডনে গাড়ির ভেতরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ ২৬ বছর বয়সী এক যুবক মঙ্গলবার হাসপাতালে মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, চলমান সহিংসতায় এটাই প্রথম মৃত্যু। নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকের পর দাঙ্গাকারীদের উদ্দেশ্যে ক্যামেরন বলেন, আপনারা শুধু অন্যের জীবন নষ্ট করছেন না, সমাজেরও ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন। "এই ঘটনা অপরাধ ছাড়া কিছু নয় এবং এর মোকাবিলা করতে হবে, এটি প্রতিরোধ করতে হবে। ব্রিটেনের রাজপথে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।" দাঙ্গাকারীরা মঙ্গলবার ক্রয়ডনে দেড়শ বছরের পুরনো একটি আসবাপপত্রের দোকানে আগুন ধরিয়ে দেয়। পাঁচ প্রজন্মের পারিবারিক এই ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে গেছে। এনফিল্ডে পুড়ে গেছে সনির বিশাল ডিস্ট্রিবিশন সেন্টার। ব্রেন্ট, হ্যাকনে, এলিংসহ বিভিন্ন এলাকায় মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ইংল্যান্ড-নেদারল্যান্ডস প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে কার্লিং কাপ ফুটবলের ম্যাচও। ফের দাঙ্গার খবরে সন্ধ্যায় দ্রুত ঘরে ফিরতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। দোকানপাটও বন্ধ হয়ে যায় স্বাভাবিকের চেয়ে অনেক আগে। বিভিন্ন সড়কে সংঘবদ্ধ লুটেরাদের ঘুরে বেড়াতে দেখা যায় বলেও সংবাদ মাধ্যমগুলোর খবরে উল্লেখ করা হয়। মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার স্টিভেন কাভানাগ বলেন, "লন্ডনের পরিস্থিতি অবিশ্বাস্য। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের।" লন্ডনের দাঙ্গা প্রতিরোধে বিভিন্ন পর্যায় থেকে সেনাবাহিনী নামানোর দাবি উঠেছে। হ্যাকনির আইনপ্রণেতা ডায়ান এবট লন্ডনজুড়ে কারফিউ জারির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তবে কর্তৃপক্ষ বলছে, সরকার এখনই এ বিষয়ে ভাবছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/সিআর/জেকে/০৩০৫ ঘ.