নয়াদিল্লি, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের রাজধানী নয়াদিল্লিতে মঙ্গলবার দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিরোধীদলীয় নেতাকর্মীদের জলকামান, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করার চেষ্টা নিলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পাল্টা পুলিশের দিকে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা।
সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে স্থানীয় একটি টিভি চ্যানেলে জানিয়েছেন দিল্লির এক পুলিশ কর্মকর্তা।
কমনওয়েলথ গেমস নিয়ে দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তরুণ বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছে।
এর আগের দিন দিল্লি কমনওয়েলথ গেমস দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে হট্টগোলে সংসদের অধিবেশনও পণ্ড হয়।
সংসদে এ দুর্নীতি নিয়ে বিতর্ক শুরু হলে বিরোধী পক্ষ সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে। দিক্ষীতের পদত্যাগও দাবি করে তারা। সংসদে তখন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে তুমুল হ্ট্টগোলে অচল হয়ে পড়ে অধিবেশন।
প্রায় দুই-তৃতীয়াংশ ভারতীয়ই মনে করে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার প্রচণ্ড দুর্নীতিপরায়ণ-- দ্য হিন্দু পত্রিকায় এক জরিপের এ ফল প্রকাশ হওয়ার পরদিনই দিল্লিতে ওই বিক্ষোভ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০০২৩ঘ.
bdnews24