সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, লন্ডনে দাঙ্গার পুনরাবৃত্তি রোধ ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মঙ্গলবার রাতে ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি যারা ভাংচুর ও দাঙ্গায় জড়িত তাদের দ্রুত বিচার করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী পুলিশের সব ছুটি বাতিল করেছেন। এরআগে সোমবার রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে লন্ডনে রাস্তায় ৬ হাজার পুলিশ মোতায়েন ছিল।
এদিকে, লন্ডনের দাঙ্গার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকেছেন। যুক্তরাজ্যে অগাস্ট হচ্ছে ছুটির মাস। ২০০২ সালের পর এই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ছুটিতে দেশটিতে পার্লামেন্ট অধিবেশন ডাকা হলো।
মঙ্গলবার ইমার্জেন্সি কমিটি কোবরা'র সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাঙ্গাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শুধু অন্যের জীবন নষ্ট করছেন না, সমাজেরও ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন।
তিনি আরো বলেন, এই ঘটনা অপরাধ ছাড়া কিছু নয় এবং এর মোকাবিলা করতে হবে, এটি প্রতিরোধ করতে হবে। যুক্তরাজ্যের রাস্তাঘাটে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
লন্ডনে তিনদিনের দাঙ্গায় এ পর্যন্ত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্মিংহ্যামে গ্রেপ্তার করা হয়েছে ১৪০ জনকে। এ পর্যন্ত ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দাঙ্গা বার্মিংহ্যাম, ব্রিস্টল, লিভারপুল ও নটিংহ্যামে ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যে এ ধরনের ব্যাপক দাঙ্গা এর আগে কখনো ঘটে নি।
বুধবার ওয়েম্বলি স্টেডিয়ামে পূর্বনির্ধারিত ইংল্যান্ড-নেদারল্যান্ডসের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে কার্লিং কাপ ফুটবল ম্যাচ।
দাঙ্গাকারীরা মঙ্গলবার ক্রয়ডনে দেড়শ' বছরের পুরনো একটি আসবাপপত্রের দোকানে আগুন ধরিয়ে দেয়। পাঁচ প্রজন্মের পারিবারিক এই ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে গেছে। এনফিল্ডে পুড়ে গেছে সনির বিশাল ডিস্ট্রিবিশন সেন্টার।
লন্ডনের দাঙ্গা প্রতিরোধে বিভিন্ন পর্যায় থেকে সেনাবাহিনী নামানোর দাবি উঠেছে। হ্যাকনির আইনপ্রণেতা ডায়ান এবট লন্ডনজুড়ে কারফিউ জারির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিআর/১৮৩৫ ঘ.
bdnews24