২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় পৌঁছেছে জাতিসংঘের ত্রাণ

সোমালিয়ার দুর্ভিক্ষ পীড়িত জনগণের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ত্রাণবাহী একটি বিমান রাজধানী মোগাদিশুতে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার দুর্ভিক্ষ পীড়িত জনগণের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ত্রাণবাহী একটি বিমান রাজধানী মোগাদিশুতে পৌঁছেছে। কম্বল, প্লাস্টিক শিটসহ ৩১ টন মালামাল নিয়ে ইউএনএইচসিআর'র বিমানটি সোমবার সন্ধ্যায় মোগাদিশু বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি জানিয়েছে, সাধারণত সমুদ্র ও সড়কপথে তারা মোগাদিশুতে ত্রাণ সামগ্রী পাঠালেও বর্তমানে সেখানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগম ঘটায় সময় বাঁচাতে বিমানে করে ত্রাণ পাঠানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ত্রাণসামগ্রী পাঠিয়েছে জাতিসংঘ। গত দু'মাসে খাবারের সন্ধানে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানীতে জড়ো হয়েছে। তবে নিরাপত্তার অভাবে ত্রাণ বিতরণ করা দাতা সংস্থাগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে। শনিবার দেশটির জঙ্গি সংগঠন আল-শাবাব শহর ছেড়ে গেছে বলে জানা গেলেও কিছু কিছু এলাকায় সংগঠনটির সদস্যরা টহল দিচ্ছে। তীব্র খরায় আফ্রিকা মহাদেশের এসব এলাকায় তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। সোমালিয়া ছাড়াও খাদ্য সংকটে পড়া অপর দেশগুলো হলো কেনিয়া, ইথিওপিয়া ও জিবুতি। গত দুই মওসুমে এ এলাকায় বৃষ্টিপাত হয়নি এবং সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কম। এক হিসেবে এ এলাকায় প্রায় এক কোটি লোক খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমালিয়ার মোট পাঁচটি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এ এলাকাগুলোতে মোট ৩২ লাখ মানুষ বসবাস করে যাদের জন্য জরুরি জীবন রক্ষাকারী সহায়তা প্রদান প্রয়োজনীয় হয়ে পড়েছে। দুর্ভিক্ষ আক্রান্ত সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় দুটি এলাকায় ৩০ শতাংশ শিশু তীব্র অপুষ্টির শিকার এবং দৈনিক প্রতি ১০ হাজার শিশুর মধ্যে চারজনের মৃত্যু ঘটছে। চলতি বছরের শুরু থেকে প্রতি মাসে সোমালিয়ার প্রায় ১৫ হাজার মানুষ খাবার ও পানির সন্ধানে কেনিয়া ও ইথিওপিয়ার শরণার্থী ক্যাম্পে জড়ো হচ্ছে। কেনিয়ার দাদাব ক্যাম্পটি ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এখানে মোট শরণার্থীর সংখ্যা চার লাখে দাঁড়িয়েছে। গত ৬০ বছরের মধ্যে এটিই হচ্ছে এ এলাকার সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৬ ঘ.