সানা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবে চিকিৎসাধীন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ রোববার হাসপাতাল ছেড়েছেন।
গোলা হামলায় মারাত্মকভাবে আহত হয়ে সৌদি আরবে যাওয়ার পর দু'মাসের চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
কিন্তু হাসপাতাল ছাড়লেও দেশে না ফিরে বরং রিয়াদে সৌদি সরকারের বাসভবনে উঠেছেন সালেহ। তিনি ভালো আছেন এবং চলাফেরা করছেন। কয়েকটি সরকারি ও চিকিৎসক সূত্রে একথা জানা গেছে।
ইয়েমেনে সালেহ'র সমর্থক ও আদিবাসী গোষ্ঠী আহমার সম্প্রদায়ের চলমান সংঘর্ষের মধ্যে শনিবার দেশটির সরকারি সূত্রে সালেহ'র হাসপাতাল ছাড়ার কথা জানানো হয়।
গত জুন মাসে প্রেসিডেন্ট ভবনে গোলা হামলায় আহত হওয়ার পর থেকে সৌদি আরবে আছেন সালেহ। এ হামলায় আহত প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ মেগাওয়ারা হাসপাতাল ছেড়ে শনিবার সৌদি আরবের সরকারি বাসভবনে উঠেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইয়েমেনের হাসাবা এলাকায় সালেহ'র সমর্থক ও আহমার সম্প্রদায়ের মধ্যে দ্বিতীয় দিনের মতো তুমুল লড়াই চলছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকায় আহমার সম্প্রদায়ের লোকজনের
বাস।
ওদিকে, পৃথক আরেক ঘটনায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তিজ শহরে সরকার বিরোধী বিক্ষোভ দমনাভিযানে সালেহ'র সমর্থকদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮২৭ঘ.
bdnews24