মোগাদিসু, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ায় লড়াই চালিয়ে আসা আল শাবাব বিদ্রোহীদের পরাজিত করার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার প্রচণ্ড বন্দুকযুদ্ধের পর আল শাবাব বিদ্রোহীরা পিছু হটতে শুরু করায় সরকার এ ঘোষণা দিলো।
আল শাবাব বিদ্রোহী গোষ্ঠী রাজধানী মোগাদিসু থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে শুরু করার পরপরই প্রেসিডেন্ট শেখ শরীফ আহমেদ শনিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, তার সেনাবাহিনী আল শাবাবকে পরজিত করেছে।
তবে আহমেদের এ দাবি প্রত্যাখান করে আল শাবাব জানিয়েছে, তারা কৌশলগত কারণে মোগাদিসু ছেড়ে যাচ্ছে এবং দেশের অন্য জায়গায় অবস্থান নেবে।
নয় হাজার আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর একটি শক্তিশালী দল ও সোমালিয়ার সরকারী বাহিনী চলতি বছর আল শাবাব জঙ্গিদের হটিয়ে মোগাদিশুর দখল নিতে থাকে। শুক্রবার রাতে সরকারি বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের পর আল শাবাব মোগাদিশুতে তাদের অবস্থান হারায়।
বিশ বছর ধরে সোমালিয়ায় কোন শক্তিশালী কেন্দ্রীয় সরকার নেই। মোগাদিসুর দখল সরকারের জন্য অবরুদ্ধ রাজধানীর সীমা আরেকটু বাড়িয়ে তুলতে পারে, কিন্তু এতে দেশটির পরিস্থিতির কোন উন্নতি হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৪ঘ.
bdnews24