২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার প্রায় আড়াই লাখ মানুষ রাজপথে বিক্ষোভ করেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

তেল আবিব, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে শনিবার প্রায় আড়াই লাখ মানুষ রাজপথে বিক্ষোভ করেছে। পুলিশ জানিয়েছে, রাজধানী তেল আবিবে অন্তত দুই লাখ এবং জেরুজালেমে অন্তত ৩০ হাজার মানুষ বিক্ষোভ করে। আবাসন ও খাদ্যপণ্যের দাম কমাতে সরকারি পদক্ষেপের দাবি জানায় তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভের কারণ খতিয়ে দেখতে রোববার মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি দল ঘোষণার পরিকল্পনা করেছেন। এ দশকে ইসরায়েলে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় শনিবার। দেশটিতে যুদ্ধ ও শান্তি ইস্যু ছাড়া এতো বড় বিক্ষোভ আর দেখা যায়নি। পুলিশের মুখপাত্র মিকি রোসেনফিল্ড বলেন, তেল আবিব ও জেরুজালেমের পাশাপাশি অন্যান্য শহরেও প্রায় বিশ হাজার মানুষ এদিন রাস্তায় নেমেছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, "আমাদের হিসাবে দেশজুড়ে আড়াই লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে।" আল-জাজিরা জানায়, প্রায় ৩ লাখ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। তাদের অধিকাংশই মধ্যবিত্ত। এসব বিক্ষোভকারী পতাকা নেড়ে ও ড্রাম বাজিয়ে বিক্ষোভ করে। এসময় তারা "জনগণ সামাজিক ন্যায়বিচার চায়" শ্লোগান দেয়। বিক্ষোভকারীদের নেতা বারোচ ওরেন (৩৩) বলেন, "গত কয়েক দশকের মধ্যে এমন ঘটনা ঘটেনি। সব মানুষ একসঙ্গে রাস্তায় নেমে পরিবর্তনের দাবি জানাচ্ছে। এ এক বিপ্লব।" ইসরায়েলে ক্ষমতাসীন রক্ষণশীল জোট সরকার উন্নয়নের জন্য সরকারি জমি বরাদ্দ, কম ভাড়ার বাড়ি নির্মাণ এবং গণপরিবহন ব্যবস্থা আরো উন্নত করার প্রতিশ্র"তি দিয়েছে। এছাড়া দুগ্ধজাত পণ্যের দাম কমানো এবং ধর্মঘটকারী চিকিৎসকদের দাবি অনুযায়ী স্বাস্থ্যকর্মীর সংখ্যা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে ইসায়েলের শিক্ষার্থীদের ইউনিয়ন বিনামূল্যে শিক্ষা কার্যক্রম ছাড়াও বাড়ি নির্মাণ প্রকল্পে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এলকিউ/১৭৩৭ঘ.