কাবুল, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে ন্যাটো বাহিনী। তালেবানের গুলিতে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে মধ্যাঞ্চলীয় ওয়ার্দক প্রদেশে ন্যাটো বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) পক্ষ থেকে বলা হয়েছে, ওই চিনুক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন ও সাত আফগান সেনা এবং একজন দোভাষী নিহত হয়। নিহত মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য।
আফগানিস্তানে ১০ বছরের তালিবানবিরোধী যুদ্ধে একক ঘটনায় সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহতের ঘটনা এইটাই প্রথম।
ঘটনা প্রকাশের অল্প সময়ের মধ্যে তালেবানের পক্ষ থেকে বলা হয়, রকেট চালিত গ্রেনেড ছুড়ে সৈন্যবাহী ওই হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। তবে বিদেশি সেনা ও আফগান সরকারি স্থাপনায় হামলার ক্ষেত্রে তালেবান অনেক সময়ই দায় স্বীকার করে ঘটনাকে অতিরঞ্জিত করে তুলে ধরে।
রোববার পেন্টাগন ও আইএসএএফ জানায়, আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আইএসএএফ'র কমান্ডার জেনারেল জন অ্যালেন এক বিবৃতিতে বলেন, "এ ঘটনায় আমরা যে দুঃখ পেয়েছি তা ভাষায় প্রকাশের মতো নয়। এ অভিযানে নিহতরা ছিলেন সত্যিকারের বীর।"
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের বেশ কয়েকজন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল টিম-৬ এর সদস্য ছিলেন।
এই নেভি সিল টিম-৬ এর সদস্যরাই গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল- কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে।
তবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে কেউ পাকিস্তানে ওই অভিযানে ছিলেন না বলে জানান ওই কর্মকর্তা।
আফগানিস্তানে নিরাপত্তার দায়িত্ব আফগান পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরুর দুই সপ্তাহের মাথায় একসঙ্গে এতো বেশি সংখ্যক মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো।
২০১৪ সালের শেষ নাগাদ আফগান নিরাপত্তা বাহিনীর কাছে পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করে সেখানে যুদ্ধাভিযান শেষ করে বিদেশি সৈন্যদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধাভিযান শেষের ওই সময়সীমা প্রয়োজনের তুলনায় আগে কি না তা নিয়ে এরমধ্যেই কয়েকজন মার্কিন আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন।
আফগানিস্তানে ২০০৫ সালের এপ্রিলে একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ মার্কিন কর্মকর্তা ও তিনজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছিলেন। সে বছর জুনেও আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ মার্কিন সেনা নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৬৩৭ঘ.
bdnews24