২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজারের বেশি বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা

দুই হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। দেশব্যাপী শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

কারাকাস, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। দেশব্যাপী শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমার আওতায় এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের পরিবেশ উন্নত করতে পাঁচ বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সাজাপ্রাপ্ত এবং ভাল আচরণকারী বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। মানবাধিকার কর্মী ও সরকারি কর্মকর্তারা জানান, কারাগারে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় কারা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ১৩ হাজার বন্দীর ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারে এখন ৫০ হাজার বন্দী রয়েছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এভিএন জানায়, বন্দীদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে তাদের অপরাধের ধরন ও সমাজে তার প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি লুইসা মোরালেস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "ওই দুই হাজার নাগরিক এখন কারাগারের বাইরে আছেন এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন।" তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এটা করা হয়নি। কেউ মুক্ত হতে চেয়েছে আর তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই। সমাজে যাদের ফিরে যাওয়ার মতো অবস্থা ছিলো তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় এ কর্মসূচির আওতায় মোট কতজন বন্দিকে মুক্তি দেওয়া হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে দেশটির নতুন কারামন্ত্রী ইরিস ভ্যারেলা স্থানীয় একটি সংবাদপত্রকে বলেন, ২০ হাজারের মতো বন্দী এখন সমাজের সাধারণ মানুষের জন্য ঝূঁকিপূর্ণ নয় এবং তাদের মুক্তি পাওয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২০১১ ঘ.