ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী বিদেশে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদির বরাত দিয়ে শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সোনিয়ার সফল অস্ত্রোপচার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
তবে তিনি কোন দেশে আছেন বা কেন তার অস্ত্রোপচার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি কংগ্রেসের পক্ষ থেকে।
ইতালীয় বংশোদ্ভূত ৬৪ বছর বয়সী সোনিয়া ভারত সরকারের কোনো পদে না থাকলেও তাকে ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি।
বিবিসি জানিয়েছে, ভারতে উন্নত হাসপাতাল ও চিকিৎসা সুবিধা থাকার পরও সোনিয়ার বিদেশে অস্ত্রোপচার নিয়ে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, সোনিয়া যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গুঞ্জন রয়েছে- তিনি হয়তো এমন কোনো বিশেষায়িত চিকিৎসা নিচ্ছেন, যা এখনো ভারতে চালু হয়নি।
তবে এসব বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি ভারতীয় গণমাধ্যমগুলোও।
জনার্দন দ্বিবেদি বলেন, "যেহেতু এটি ব্যক্তিগত বিষয়, তাই তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।"
বৃহস্পতিবার যখন সোনিয়ার বিদেশে অবস্থানের ঘোষণা দেওয়া হয়- তা ছিল ভারতবাসীর কাছে অনেকটাই আকস্মিক।
ওই ঘোষণায় দ্বিবেদি জানান, সোনিয়া গান্ধী দুই থেকে তিন সপ্তাহ দেশের বাইরে থাকতে পারেন। তার অনুপস্থিতিতে রাহুল গান্ধীসহ চার সদস্যের একটি কমিটি ভারতীয় কংগ্রেসের কর্মকাণ্ড পরিচালনা করবেন।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু-গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৯২৩ ঘ.
bdnews24