কায়রো, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালের অগাস্টের ৩ তারিখ হতে পারে মিশরের এক ঐতিহাসিক দিন। কারণ এদিন মিশরের ইতিহাসে এবং আরব বিশ্বের ইতিহাসে প্রথম কোন প্রতাপশালী একনায়ককে সরাসরি বিচারের মুখোমুখি হতে হলো।
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে আদালতে হাজির করার মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করল মিশর। এর মাধ্যমে শেষ হতে পারে মিশরের একনায়কদের যুগ। শুরু হতে পারে দেশটির গণতন্ত্রের পথে যাত্রা। অবাধ নির্বাচনের মাধ্যমে মিশরীয়রা পেতে পারে জনগণের প্রথম সত্যিকারের প্রতিনিধি, প্রথম বেসামরিক প্রেসিডেন্ট।
১৯২২ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে মিশরবাসী কখনো গণতন্ত্রের সুবাস পায় নি। প্রথমে রাজতন্ত্র, তারপর সামরিক একনায়কতন্ত্র, এই হলো মিশরের রাজনৈতিক ইতিহাস। সেই ১৯২৪ সালে নির্বাচনের মাধ্যমে শাদ জগলুলের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বেসামরিক আর কেউ ভোটে নির্বাচিত হয় নি।
নির্বাচন হয়েছে, তবে ফলাফল পূর্ব নির্ধারিতই থেকেছে। ১১ ফেব্র"য়ারি গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট মুবারকও নির্বাচনের ফলাফলে ছিলেন অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট। প্রায় ৯৫ শতাংশ ভোট তিনিই পেতেন। ক্ষমতায় টিকে যেতে পারলে হয়তো পরের নির্বাচনেও পেতেন ৯৫ শতাংশ কিংবা শতভাগ ভোট।
কিন্তু মিশরের তরুণরা আর তেমনটি হতে দিতে চায় নি। তাই মুবারককে ক্ষমতা হারানোর মাত্র ছয় মাসের মধ্যে অসুস্থ্য শরীর নিয়ে স্ট্রেচারে শুয়ে হাজির হতে হয় আদালতে।
বিচার শুরু হওয়ার ঐতিহাসিক ওই দিনে স্বাভাবিকভাবেই মিশরবাসী ছিল প্রবল উৎকন্ঠায়। কি হয়, কি হয়? এখনও তো দেশের ক্ষমতা সেনাদের হাতেই।
না, প্রত্যাশা মতোই হয়েছে সব কিছু। ৮৩ বছর বয়স্ক সাবেক একচ্ছত্র শাসক অসুস্থ মুবারককে স্ট্রেচারে করে আনা হয়েছে আদালতে। মুখোমুখি করা হয়েছে বিচারের। তার এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। শুধু মিশরবাসী নয়, বিচার প্রত্যক্ষ করেছে বিশ্বের লাখ লাখ মানুষ।
৩ অগাস্ট মিশরবাসীর উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরাও আত্মবিস্মৃত হয়ে পড়েছিল। আদালতের বাইরে টানানো এক বিশাল টেলিভিশন পর্দায় (জায়ান্ট স্ক্রিন) এক পুলিশ সদস্যকে দেখানো হলে সে বিগলিত হয়ে সহকর্মীকে বলেছে, "টেলিভিশনে কি আমাকেই দেখাচ্ছে? এটিতো আমিই! আমি ইতিহাসের অংশ হতে চাই! আমি যে এখানে ছিলাম তা সবাইকে জানাতে চাই আমি।"
অথচ মুবারকবিরোধী আন্দোলনের সময় এই পুলিশ সদস্য হয়েতো বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষেই লিপ্ত ছিল। আজ সেও হতে চায় ইতিহাসের অংশ।
"আমি কখনো ভাবিনি এমন একদিনে আমাকে টিভিতে সরাসরি দেখাবে। এই দিনটির চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন দিন নেই," বলেন ওই পুলিশ সদস্য।
এর পরই একটি হেলিকপ্টার এসে নামে কায়রো পুলিশ একাডেমিতে স্থাপিত বিশেষ আদালতের চত্বরে। হাসপাতালের বিছানা থেকে আদালতের খাঁচায় এলেন মুবারক।
আদালতের ভিতর দেখা গেল মুবারকের বড় ছেলে গামালকে। মুবারকের পর এই গামালেরই মিশরের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। বারবার ঘড়ির দিকে তাকাতে তাকাতে খাঁচায় ঢোকার অপেক্ষা করছিল গামাল।
গামালের ভাব দেখে মনে হচ্ছিল, যেন বা সে তার বাবার রাজনৈতিক দলের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) কোন সভাতে যাচ্ছে। উপস্থিত একজন বলেই ফেলল, "ওই যে গামাল। সে এমন ভান করছে যেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে যাচ্ছে!"
গামালের পাশেই ছিল মুবারকের ছোট ছেলে আলা। সে আদালতে উপস্থিত লোকজনের দৃষ্টি এড়ানোর চেষ্টা করছিল।
এসময় স্ট্রেচারে করে মুবারককে আদালতে আনা হলো। কেউ একজন বলে উঠল, "ওই তো প্রেসিডেন্ট! সে এখানে।"
প্রেসিডেন্ট থাকার সময় চুলে যেমন কলপ ব্যবহার করতেন তেমনই কালো কলপ দেওয়া মুবারকের চুলগুলো। তবে কায়রো ছাড়ার আগে তার স্বাস্থ্য যেমন ছিল তার চেয়ে অনেক ভেঙ্গে গেছে বলেই মনে হলো।
খাঁচার ভিতর ঢোকানোর পর মুবারককে টিভি ক্যামেরা থেকে আড়াল করতে চেষ্টা চালায় তার ছেলেরা। কয়েক ডজন পুলিশ সদস্যও মুবারককে আড়াল করে দাঁড়িয়ে থাকে।
আদালতের ভিতরে ও বাইরে নিরাপত্তা সদস্যদের কড়াকড়ি ও তাদের তৎপরতায় মুবারকের মিশরের সাথে মুবারকহীন মিশরের পার্থক্য কমই আবিষ্কার করা যাচ্ছিল বলে জানান রয়টার্সের সাংবাদিক দিনা যায়িদ।
আদালতকক্ষের ভিতর জায়গার অভাবের কারণে অভিযোগকারী ৪১৪ জন বাদীর অধিকাংশই আদালতের কক্ষে প্রবেশে অস্বীকৃতি জানায়। আদালত কক্ষের অধিকাংশ জায়গা সাদা পোশাক পরিহিত কয়েকশ' পুলিশ সদস্য দখল করে রাখে।
আদালতকক্ষে মাত্র চারজন বাদী তাদের অভিযোগ পেশ করে। আর এ সময় ওই কক্ষটিতে মুবারক, তার দুই ছেলে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষের এবং বাদী পক্ষের একশ'রও বেশি আইনজীবী উপস্থিত ছিলেন।
বিচার কাজ পরিচালনায় বিচারক আহমেদ রিফাতও ছিলেন অসহিষ্ণু। চার ঘণ্টার ওই আদালতে আইনজীবীরা যখন অনুরোধ করার জন্য দাঁড়ান তখন বিচারক বলেন, "আর কি চাই আপনাদের? এগুলোই কি আপনাদের দাবি? তাড়াতাড়ি করুন।"
এরপর বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিনের মতো বিচার কার্যক্রম শেষ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩১ ঘ.
bdnews24