ওয়াশিংটন, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অস্থিতিশীলতার জন্য বাশারকেই দায়ী বিবেচনা করে বুধবার নিজেদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে হোয়াইট হাউজ।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নেই বলেন, "প্রেসিডেন্ট বাশার ছাড়া সিরিয়া আরো বাসযোগ্য হয়ে উঠবে।"
কার্নেই কঠোর ভাষায় বলেন, "আমাদের দৃষ্টিতে তিনিই (বাশার) সিরিয়ায় অস্থিতিশীলতার কারণ।"
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছিলেন, সিরিয়া শাসনের বৈধতা হারিয়েছেন বাশার।
মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে সিরিয়ার সরকারি বাহিনীর হাতে এ পর্যন্ত ১৬ শ'রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
অন্যদিকে সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের জন্য 'সশস্ত্র জঙ্গি গোষ্ঠী' দায়ী। পাঁচ মাসে তাদের হাতে ৫শ'রও বেশি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।
এদিকে, বুধবারই সিরিয়ায় দমনপীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর জন্য দায়ীদের জবাবদিহিতা দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৩ ঘ.
bdnews24