জাতিসংঘ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর দমনপীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলো বলে বিবিসি জানায়।
বুধবার নিরাপত্তা পরিষদের বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ "সিরীয় কর্তৃপক্ষের ব্যাপকমাত্রায় মানবাধিকার লঙ্ঘণ ও সাধারণ মানুষের ওপর শক্তিপ্রয়োগের ঘটনায় নিন্দা জানাচ্ছে।"
বিবৃতিতে আরো বলা হয়, এই সহিংসতার জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সিরিয়ার ঘটনা যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের বিবৃতিতে সবধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে সবপক্ষকে সর্বোচ্চ সংযম ও সহিষ্ণুতা প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
সিরিয়ার সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিটি পাঠ করেন কাউন্সিলের চলতি মাসের প্রেসিডেন্ট ভারতের হারদিপ সিং পুরি।
নিরাপত্তা পরিষদের বিবৃতির পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, "এই বিবৃতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিষ্কার বার্তা।"
বান আরো বলেন, "সমগ্রবিশ্ব চরম উদ্বেগের সাথে সিরিয়ার বাজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গত কয়েকদিনে যা ঘটেছে তা সত্যিই নির্মম, মর্মান্তিক।"
"কিন্তু এই অবস্থা চলতে পারে না। তিনি কিংবা তারা এইভাবে তাদের জনগণকে হত্যা করতে পারে না", বলেন বান।
সিরিয়ায় রোববার থেকে সরকারি বাহিনীর হামলায় প্রায় দেড়শ' আন্দোলনকারী নিহত হয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে। নিহতদের বেশির ভাগই হামা শহরের বাসিন্দা। ৮ লাখ অধিবাসী অধ্যুষিত শহরটিতে সরকারি বাহিনী আন্দোলনকারীদের ওপর মেশিনগান ও ট্যাঙ্কের গোলাবর্ষণ করে।
বুধবার সিরীয় সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘ এই বিবৃতি দেওয়ার প্রায় দুই মাস আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটো হুমকির মুখে তা আর আলোর মুখ দেখে নি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ব্রাজিল, ভারত, লেবানন ও দক্ষিণ আফ্রিকাও ওই বিবৃতিতে সম্মতি না দেয়ার কথা জানায়।
এরপর সোমবার বিষয়টি আবারো নিরাপত্তা পরিষদের বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়। কিন্তু সেদিনও বিবৃতিটি পাস হয় নি।
এর মাঝে সিরিয়ার হামায় ব্যাপক দমনপীড়ন চালায় সরকারি বাহিনী। ফলে নিরাপত্তা পরিষদে বুধবার ওই বিবৃতি কিছুটা পরিমার্জনা করার পর অনুমোদন লাভ করে।
কয়েকমাস ধরে সিরিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। আর এই আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
আন্দোলনকারীদের দমন করতে সরকার সেনা বাহিনীকে ব্যবহার করছে। কিন্তু তবু আন্দোলনকারীরা শান্ত হচ্ছে না। এ কারণে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর হাতে গণতন্ত্রকামী মানুষের মৃত্যু হচ্ছে।
চলতি বছরের মার্চ থেকে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় ১৬ শ'র বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে।
সিরিয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিষিদ্ধ হওয়ায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্যগুলো যাচাই করা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩০ ঘ.
bdnews24