২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘসহ ৭২ টি প্রতিষ্ঠানে সিরিজ সাইবার হামলা

বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং জাতিসংঘসহ ৭২টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সিরিজ সাইবার হামলার ঘটনা উদঘাটন করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ পর্যন্ত সংঘটিত এটিই সবচেয়ে বড় সিরিজ সাইবার হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

বোস্টন, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং জাতিসংঘসহ ৭২টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে সিরিজ সাইবার হামলার ঘটনা উদঘাটন করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ পর্যন্ত সংঘটিত এটিই সবচেয়ে বড় সিরিজ সাইবার হামলা। নিরাপত্তা কোম্পানি ম্যাকাফি এ হামলার ঘটনা উদঘাটন করে। প্রকাশিত ১৪ পৃষ্ঠার এক প্রতিবেদনে বুধবার বিষয়টি জানায় ম্যাকাফি। এ হামলার পেছনে কোনো 'রাষ্ট্র ভূমিকা' পালন করছে বলে মনে করে ম্যাকাফি। তবে তারা রাষ্ট্রটির নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। তবে এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, প্রমাণ যা কিছু পাওয়া গেছে তাতে চীনকেই সন্দেহ করা হচ্ছে। পাঁচ বছর ধরে এ সিরিজ সাইবার হামলা ঘটেছে। এর শিকারদের দীর্ঘ তালিকায় আছে যুক্তরাষ্ট্র সরকার, তাইওয়ান, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কানাডা , দক্ষিণপূর্ব এশিযার দেশগুলোর সংস্থা আসিয়ান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), বিশ্ব আন্টি- ডোপিং এজেন্সিসহ আরো অনেকগুলো কোম্পানি। এরমধ্যে প্রতিরক্ষা ঠিকাদারসহ উচ্চ-প্রযুক্তির কোম্পানিগুলোও আছে। জেনেভাস্থ জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম কার্যালয়ের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ২০০৮ সালেই ভেঙে ফেলে হ্যাকাররা। তখন থেকে দুই বছর ধরে অবাধে প্রচুর গোপন তথ্য চুরি হয় বলে জানায় ম্যাকাফি। "এতোগুলো প্রতিষ্ঠান একসঙ্গে হ্যাকিংয়ের শিকার হওয়া আর সংঘটিত অপরাধের মাত্রা দেখে আমরা বিস্মিত," প্রকাশিত প্রতিবেদনে বলেন ম্যাকাফির 'থ্রেট রিসার্চ' এর ভাইস প্রেসিডেন্ট দিমিত্রি আলপেত্রোভিচ। চুরি যাওয়া তথ্য নিয়ে কি করা হচ্ছে তা একটি বিরাট প্রশ্ন। এর একাংশও যদি কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় তা হলে তা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন তিনি। চলতি বছরের মার্চ মাসে ম্যাকাফি সিরিজ হামলার ঘটনা আঁচ করতে পারে। প্রতিরক্ষা কোম্পানিগুলোর কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করতে গিয়ে ২০০৯ সালে তারা প্রথম এ ঘটনা জানতে পারে। 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ'র সাইবার বিশেষজ্ঞ জিম লুইস বলেন, "আনুষাঙ্গিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে যা পাওয়া যায় তা চীনকেই ইঙ্গিত করে। রাশিয়াও হতে পারতো, কিন্তু এক্ষেত্রে রাশিয়ার চেয়ে চীনের জড়িত থাকার সম্ভাবনাই বেশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৫ ঘ.