২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আপাতত' বিপর্যয় এড়ালো যুক্তরাষ্ট্র

সরকারের ঋণসীমা বৃদ্ধি ও ব্যয় হ্রাসের প্রস্তাবটি কংগ্রেসে পাস হওয়ার মধ্য দিয়ে 'আপাতত' বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ালো যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ওয়াশিংটন, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারের ঋণসীমা বৃদ্ধি ও ব্যয় হ্রাসের প্রস্তাবটি কংগ্রেসে পাস হওয়ার মধ্য দিয়ে 'আপাতত' বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ালো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের সিনেট ৩৪-২৬ ভোটে প্রস্তাবটি অনুমোদন করে। এর পরপরই প্রেসিডেন্ট বারাক ওবামা ওই বিলে সই করেন। এই অনুমোদনের ফলে সরকারের ঋণ নেওয়ার সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে ধাপে ধাপে আরো ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বাড়ানো হবে। পাশাপাশি আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা হবে। আর সেক্ষেত্রে সামাজিক কল্যাণের প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সাশ্রয় করতে হতে পারে সরকারকে। এক সপ্তাহেরও বেশি সময় রশি টানাটানির পর রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের সমঝোতার ভিত্তিতে সোমবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে। মঙ্গলবার বিলটি সিনেটে পাস হওয়ার পর হোয়াইট হাউজে এক ভাষণে প্রেসিডেন্ট ওবামা বলেন, "দুই দলই ওয়াশিংটনের ক্ষমতায় রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নেও দুই দলকেই দায় নিতে হবে।" পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "ব্যয় কমাতে গিয়ে মন্দার কারণে দুর্দশার মধ্যে থাকা জনগণের পিঠে আরো বোঝা চাপানো আমাদের ঠিক হবে না।" বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবার রাতের মধ্যে প্রস্তাবটি সিনেটে পাস না হলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তো যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সেই সময় শেষ হওয়ার ১২ ঘণ্টা আগেই প্রস্তাবটি সিনেটের অনুমোদন পেল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী সরকার ঋণ নিতে চাইলে তা কংগ্রেসে পাস করাতে হয়। বছরে কতো টাকা ঋণ নেওয়া যাবে তার পরিমাণও নির্ধারণ করে দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন নিয়ে এই সীমা এর আগে বহুবার বাড়ানো হলেও এবার প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের প্রবল বিরোধিতার মুখে পড়ে ওবামার দল ডেমোক্রেটিক পার্টি। আগের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার বছরে সর্বোচ্চ ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ঋণ নিতে পারতো। ওবামা প্রশাসন গত মে মাসেই এই সীমা শেষ করে ফেলে। ফলে চলতি মাসে প্রায় নগদ টাকাহীন হয়ে পড়ে রাজকোষ। এই পরিস্থিতিতে ২ অগাস্টের মধ্যে সরকারের ঋণ নেওয়ার সীমা বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়তো বিশ্বের শীর্ষ এই অর্থনৈতিক শক্তি। সরকার ঋণ খেলাপী হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়ে 'ট্রিপল এ' থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটারও আশঙ্কা দেখা দেয়। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি আবারো একটি মন্দার কবলে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদরা। এই বিপর্যয় এড়ানোর জন্য ওবামা প্রশাসন ঋণসীমা বৃদ্ধির প্রস্তাব তুললে বিরোধী রিপাবলিকনরা এর প্রবল বিরোধিতা করে। আর তাতেই বিষয়টি জটিল হয়ে পড়ে। ২ অগাস্টের মধ্যে সমঝোতা হবে কি না- তা নিয়ে অনিশ্চয়তায় ধস নামে শেয়ার বাজারে। ডলারের বিনিময় হার কমে যাওয়ার পাশাপাশি চড়তে থাকে সোনার দাম। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বন্ডের দাম পড়ে যাওয়ায় হতাশা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। বিশ্লেষকরা বলছেন, গত মধ্যমেয়াদী নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোনো প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না তারা। কট্টর রিপাবলিকানদের চাপের মুখেই ঋণসীমা বৃদ্ধির পাশাপাশি বাজেট ঘাটতি কমিয়ে আনার একটি দীর্ঘমেয়াদী প্রস্তাবে রাজি হতে বাধ্য হয় ওবামার দল। শনিবার দুই দলের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে সমঝোতার ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। এরপর সোমবার প্রতিনিধি পরিষদে ২৬৯-১৬১ ভোটে প্রস্তাবটি অনুমোদনের মধ্য দিয়ে মূল বাধাটি অতিক্রম করে ওবামা সরকার। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রস্তাবটি সিনেটে ওঠানো হলে বড় কোনো প্রতিরোধ ছাড়াই তা পাস হয়ে যায়, কারণ ওবামার দল ডেমোক্রেটক পার্টিই সেখানে সংখ্যাগরিষ্ঠ। এর ঘণ্টাখানেক পর প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে সই করলে তা আইনে পরিণত হয়। এর মধ্য দিয়ে সরকারের ঋণসীমা বাড়িয়ে আপাতত বিপর্যয় এড়ানো সম্ভব হলেও সংকট পুরোপুরি কাটবে কি না- সে বিষয়ে নিশ্চিত নন বিশ্লেষকরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গিথনার সাংবাদিকদের বলেন, "আমি ঠিক জানি না। এখনই এ বিষয়ে কিছু বলা কঠিন।" তবে রেটিং সংস্থাগুলো সব দিক বিবেচনা করে 'সতর্কতার সঙ্গে' এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০১৩৫ ঘ.