ওয়াশিংটন, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর জন্য রিপালিকান ও ডেমোক্র্যাট নেতাদের চুক্তি প্রতিনিধি পরিষদের ভোটে অনুমোদন পাওয়ার পর এবার সিনেটে ভোটের প্রস্তুতি চলছে।
ঋণসীমা বাড়ানোর সময়সীমা শেষের মুহূর্তে সিনেটে এ ভোটের মধ্য দিয়ে চুক্তিটি সর্বশেষ বাধা পার হবে।
সোমবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ঋণসীমা বাড়ানো নিয়ে সমঝোতা চুক্তি ২৬৯-১৬১ ভোটে অনুমোদন করে।
এখন মার্কিন সিনেটে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ সিনেটে এই চুক্তি প্রত্যাশিতভাবেই অনুমোদন লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।
এরপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সই করার পর চুক্তিটি আইনে পরিণত হবে।
চুক্তি অনুযায়ী, আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা হবে এবং সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানো যাবে।
ঋণসীমা বাড়ানোর শেষ দিন ছিলো ২ অগাস্ট। ওই সময়ের মধ্যে সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়তো বিশ্বের শীর্ষ এই অর্থনৈতিক শক্তি।
আর সরকার ঋণ খেলাপী হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়ে 'ট্রিপল এ' থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটার আশঙ্কা ছিল।
যুক্তরাষ্ট্রের সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সমস্যা আর কখনো হয় নি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যমেয়াদী নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোনো প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না কট্টর টি-পার্টি রিপাবলিকানরা।
২ অগাস্টের একদিন আগেই সমঝোতার মাধ্যমে করা চুক্তিটি প্রতিনিধি পরিষদে অনুমোদিত হওয়ায় ঋণখেলাপি হওয়া এড়াতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের একটা ধাক্কা খেত।
বিশ্ব অর্থ বাজার এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানো বিরোধের জেরে টালমাটাল অবস্থায় ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১২৯ ঘ.
bdnews24