ওয়াশিংটন, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সরকারের ঋণসীমা বাড়ানোর জন্য শেষ মুহূর্তের সমঝোতার মধ্য দিয়ে পৌঁছানো চুক্তি নিয়ে কংগ্রেসে ভোটের প্রস্তুতি নিচ্ছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের শীর্ষ আইনপ্রণেতারা।
যুক্তরাষ্ট্রের ঋণখেলাপি হওয়া নিয়ে কয়েক সপ্তাহের অনিশ্চয়তা শেষ হবে এ ভোটের মধ্য দিয়ে।
প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার ঋণসীমা বাড়ানো নিয়ে দুপক্ষে শেষ মুহূর্তে সমঝোতা হওয়ার কথা ঘোষণা করেন।
হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের ওবামা বলেন, "কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা একটি সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে বাজেট ঘাটতি ধাপে ধাপে কমিয়ে আনা যাবে। ঋণ খেলাপি হওয়ার ঝুঁকিও এড়ানো যাবে।"
ঋণ নিয়ে দু'পক্ষ যে চুক্তিতে উপনীত হয়েছে তাতে সরকারের ঋণসীমা বর্তমানের ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিও একই পরিমাণ কমবে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে ঋণসীমা বৃদ্ধি ও বাজেট ঘাটতি কমানোর এ প্রস্তাব নিয়েই ভোটাভুটি হবে।
ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রস্তাবটি অনুমোদন পেতে কোনো সমস্যা না হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদকে এ বিষয়ে রাজি করাতে বেগ পেতে হতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা।
যুক্তরাষ্ট্রের সরকার বছরে যে পরিমাণ ঋণ নিতে পারে তা গত মে মাসেই শেষ করে ফেলেছে ওবামার প্রশাসন।
ফলে ২ অগাস্টের মধ্যে সরকারের ঋণ গ্রহণের সীমা ১৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার থেকে বাড়াতে না পারলে বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ছাড় করানো এবং ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বড় ধরনের বিপাকে পড়বে বিশ্বের শীর্ষ এই অর্থনৈতিক শক্তিকে। আর সরকার ঋণ খেলাপী হলে বিভিন্ন এজেন্সির ক্রেডিট রেটিংয়েও 'ট্রিপল এ' থেকে যুক্তরাষ্ট্রের অবনমন ঘটার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, তেমন কিছু ঘটলে তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতির জন্যই বিপর্যয় ডেকে আনবে। এ কারণে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলকে 'ঝামেলা' মিটিয়ে ফেলতে তাগাদা দিচ্ছে আইএমএফও।
যুক্তরাষ্ট্রের ঋণসীমা এর আগে বিভিন্ন সময়ে বাড়ানো হলেও এবারের মতো সমস্যা আর কখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যমেয়াদী নির্বাচনে ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির বিপর্যয়ের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার কোনো প্রস্তাবই সহজে ছেড়ে দিচ্ছে না কট্টর রিপাবলিকানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১২০ ঘ.
bdnews24