ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে হত্যার পরিকল্পনা করছেন।
ইতালির দৈনিক কোরেইয়ার দেলা সেরা সংবাদপত্রের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
ইতালিয়ান দৈনিকের প্রতিবেদন অনুযায়ী 'নির্ভরযোগ্য সূত্র'র মাধ্যমে বার্লুসকোনি তাকে হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন।
তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয় নি।
বার্লুসকোনি বলেন, গাদ্দাফি তার (বার্লুসকোনি) 'রাজনৈতিক মৃত্যু' নয়, 'শারীরিক মৃত্যু'ই চেয়েছেন।
চলতি বছরের ফেব্র"য়ারিতে লিবিয়ায় গাদ্দাফির শাসন অবসানের লক্ষ্যে গণআন্দোলন শুরু হয়। কিন্তু ক্ষমতা ছাড়তে নারাজ গাদ্দাফি। প্রকারান্তরে আন্দোলন ও বিদ্রোহ নিয়ন্ত্রণের লক্ষ্যে কঠোরনীতি গ্রহণ করেন তিনি।
এ অবস্থায় জাতিসংঘের অনুমোদন নিয়ে মে মাস থেকে দেশটির বিভিন্ন লক্ষ্যে বিশেষ করে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ন্যাটো। আর ন্যাটোর ওই হামলায় সক্রিয় ভূমিকা পালন করছে ইতালি।
বিদ্রোহীরা গাদ্দাফিকে হঠাতে সশস্ত্র লড়াইয়ে নেমেছে। লড়াই পরিচালনার জন্য বিদ্রোহীরা অন্তর্বর্তীকালীন জাতীয় পর্ষদও গঠন করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রাজধানী স্থাপন করেছে তারা।
ইতোমধ্যে লিবিয়ার জনগণের সরকার হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি অর্জন করেছে বিদ্রোহীদের জাতীয় পর্ষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ ঘ.
bdnews24