লিবই, কেনিয়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ বলেছে, উত্তরপূর্ব আফ্রিকায় (হর্ন অব আফ্রিকা) খাদ্য ঘাটতি প্রকট হতে থাকায় খরা ও সহিংসতায় বিধ্বস্ত সোমালিয়ার পুরো দক্ষিণাঞ্চলের অধিবাসীরা দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে।
দক্ষিণ সোমালিয়ার দুটি অঞ্চলে গত ২০ জুলাই দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ। সেখানে প্রায় ৩৭ লাখ মানুষ অনাহারের মুখে রয়েছে।
শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা সংস্থা ওসিএইচএ'র এক বিবৃতিতে বলা হয়, "২০১১ সাল জুড়েই দক্ষিণ সোমালিয়ায় খাদ্য সংকট আরো ভয়াবহ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুরো দক্ষিণাঞ্চল দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।"
হর্ন অব আফ্রিকার চারটি দেশে এক কোটি ২০ লাখের বেশি মানুষকে মানবিক ত্রাণ সহায়তা প্রদানে দাতা দেশগুলোর প্রতি আরো একশ' ৪০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে ওসিএইচএ।
ওসিএইচএ'র বিবৃতিতে বলা হয়, সোমালিয়ায় এ জরুরি পরিস্থিতি আরো অন্তত তিন থেকে চার মাস চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমালিয়ার মতো প্রতিবেশী দেশ কেনিয়ায়ও দীর্ঘদিনের খরার কারণে দেখা দিয়েছে খাদ্যাভাব।
সোমালিয়ার সীমান্তবর্তী কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়াজিরের অধিবাসী দাউদি ইউসুফ জানান, গত চার বছর ধরে ওই অঞ্চলে কোনো বৃষ্টি হয় না।
জীবনে এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের খরা দেখেছেন বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২১৫ ঘ.
bdnews24