২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিভিন্ন ঘটনায় নিহত ২১

দক্ষিণ ইয়েমেনে জঙ্গিদের সাথে রাতভর সংঘর্ষে ইয়েমেনি সেনাবাহিনীর এক কর্নেল ও পাঁচ সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে। পৃথক অন্য একটি ঘটনায় সরকার পক্ষের এক আদিবাসী গোত্রের ৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

এডেন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ইয়েমেনে জঙ্গিদের সাথে রাতভর সংঘর্ষে ইয়েমেনি সেনাবাহিনীর এক কর্নেল ও পাঁচ সেনা ও সাত জঙ্গি নিহত হয়েছে। পৃথক অন্য একটি ঘটনায় সরকার পক্ষের এক আদিবাসী গোত্রের ৮ জন নিহত হয়েছে। দক্ষিণ ইয়েমেনের স্থানীয় কর্মকর্তারা ও আদিবাসী কর্মকর্তারা শনিবার এ খবর জানান। দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের জঙ্গি অধিকৃত শহর জিঞ্জিবারের কাছাকাছি প্রথম ঘটনাটি ঘটে। সেনাবাহিনী জিঞ্জিবারসহ আরো কয়েকটি এলাকা থেকে জঙ্গিদের হঠাতে জুলাই মাসের প্রথম থেকে অভিযান শুরু করে। ওই অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য ঘটনায়, একই রাতে সেনাবাহিনীর গোলন্দাজ দল জিঞ্জিবারের নিকটবর্তী অপর এক এলাকায় সরকারপক্ষের আদিবাসীদের ভুলক্রমে জঙ্গিদল ভেবে গোলাবর্ষণ করলে ঘটনাস্থলেই আট আদিবাসী নিহত হয়। এদিকে, শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পক্ষে এবং তার শাসনবিরোধী হাজার হাজার মানুষ রাজধানী সানায় বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৪ ঘ.