লস্কর গা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমায় ২৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার একটি মিনিবাস রাস্তার পাতে পুঁতে রাখা মাইন মাড়িয়ে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে মিনিবাসের ১৯ আরোহীর সবাই মারা যায় বলে হেলমান্দের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা কামালুদ্দিন জানান।
বাসটি নাহর-ই-সারাজ জেলা থেকে প্রাদেশিক রাজধানী লস্কর গা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে মহাসড়কে এ ঘটনা ঘটে।
ওই বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার পর তালেবান জঙ্গিরা হামলা চালায় বলে হাইওয়ে পুলিশ কমান্ডার হেকমতউল্লাহ আকমল জানান।
একই দিন অপর রাস্তার পাশে পুঁতে রাখা অপর এক বোমা বিস্ফোরণের শিকার হয় একটি ট্রাক্টর। এতে চারজন সাধারণ মানুষের মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানান। লস্কর গা শহরের উত্তরে অবস্থিত গ্রামশির শহরে এই ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৭ ঘ.
bdnews24