অসলো, জুলাই, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ বুধবার বলেছেন, বোমা এবং বন্দুক হামলাকে দেশবাসী ভয় পায় না। তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকবে।
গত শুক্রবার নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনের কাছে বোমা এবং তার কয়েক ঘণ্টা পরই উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুব সমাবেশে গুলি চালিয়ে ৭৬ জনকে হত্যা করেন কট্টর ডানপন্থি অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক।
এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন স্টলটেনবার্গ।
একইসঙ্গে এ মর্মান্তিক ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গভীর একত্মতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের স্টলটেনবার্গ বলেন, আতঙ্ক ছড়িয়ে দিতেই এ হামলা চালানো হয়েছে। কিন্তু নরওয়েবাসী এতে ভয় পায়নি।
হামলার ঘটনাকে নরওয়ের 'মৌলিক মূল্যবোধ'(গণতন্ত্র ও উন্মুক্ততা) এর ওপর আঘাত আখ্যা দিয়ে স্টলটেনবার্গ বলেন, জাতি আরো বেশি গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্য দিয়ে এর জবাব দেবে।
তিনি বলেন, দেশবাসী আরো বেশি করে রাজনীতিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করবে যে তারা সহিংসতাকে ভয় পায় না।
একটি উদার, গণতান্ত্রিক এবং সর্বজনবিদিত সমাজ নিশ্চিতভাবেই গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা রক্ষার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, পুলিশ বিভাগসহ নিরাপত্তা রক্ষায় তাদের দক্ষতা যাচাই করে দেখা হবে।
তাছাড়া, ইউরোপীয় গোয়েন্দারা ইতোমধ্যে নরওয়ের হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে নেমে পড়েছে বলেও জানান তিনি।
শান্তির দেশ নরওয়েতে নৃশংস ওই হামলার ঘটনায় দেশবাসী মর্মাহত, বিচলিত হলেও সামনে এগিয়ে যেতে সংকল্পবদ্ধ হয়েছে। ফিরে আসার চেষ্টা করছে স্বাভাবিক জীবনে।
আর তা প্রমাণ করতেই বুধবার প্রতীকিভাবে বোমা বিধ্বস্ত কার্যালয়ে কাজে যোগ দেওয়ার পরিকল্পনা নেন নরওয়ের প্রশাসন ও গির্জা বিষয়ক মন্ত্রী রিগমোর আস্রুদ।
আর প্রধানমন্ত্রী জেন্স স্টোলটেনবার্গ এ সময়টিতে অসলোর আরেক পাশে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার পরিকল্পনা করেছেন। আর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে অসলোর প্রাচীন এক দূর্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24