কেপ কানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শাটল যুগ শেষ হওয়ার পর মহাকাশ অভিযানের নতুন অধ্যায় শুরু করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। এবার তারা মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করার পাশাপাশি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে অভিযান চালাবে।
নাসার ব্যবস্থাপকরা জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর রবোট চালিত একটি বিজ্ঞান গবেষণাগার মঙ্গলে পাঠানো হবে। ২০১২ সালের আগস্টে এটি মঙ্গলের গ্যালে নামক খাদে একটি পর্বতের কাছে নামবে।
এ বিজ্ঞান গবেষণাগারের নাম 'কিউরিসিটি'। প্লুটোনিয়াম জ্বালানি দিয়ে এটি চালানো হবে।
মঙ্গলে পাঠানো আগের রোভার যানগুলোর চেয়ে এ গবেষণাগার দ্বিগুণ লম্বা, আর পাঁচগুণ ভারী। এতে থাকবে ১০টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এর মধ্যে দুটি যন্ত্র দিয়ে অকুস্থলেই পাথর গুঁড়ো করে সেগুলোর রাসায়নিক বিশ্লেষণ করার ব্যবস্থা রয়েছে।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা বা কখনো প্রাণ ছিল কিনা তা এ বিশ্লেষণের মধ্য দিয়েই বেরিয়ে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
সৌরজগতে একমাত্র মঙ্গল গ্রহের সঙ্গেই পৃথিবীর মিল আছে।
গত ২১ জুলাই শাটল মহাকাশযান অভিযান শেষে ফিরে আসার সঙ্গে সঙ্গেই শেষ হয় নাসার ৩০ বছরের শাটল কর্মসূচির যুগ।
এর একদিন পর ২২ জুলাই নাসা ঘোষণা করে মহাকাশ অভিযান নিয়ে তাদের নতুন পরিকল্পনা।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানায়নি নাসা। তাই মাহাকাশ অভিযানের ভবিষ্যৎ নিয়ে এখনো অন্ধকারে আছেন অনেকেই।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারক ওবামা ইতোমধ্যেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন নতুন ধরনের মহাকাশ যান নির্মাণ করছে যেগুলো শাটলের পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের মতো কাছের অভিযান বাদ দিয়ে মাহাকাশচারীদেরকে মহাশূন্যের গভীরে গ্রহাণুপুঞ্জ ও মঙ্গলগ্রহের মতো দূরবর্তী গন্তব্যে নিয়ে যাবে।
বৃহস্পতিতে যে যানটি পাঠানো হবে সেটি যাত্রা করবে অগাস্ট মাসে। আর ২০১৬ সালের জুলাইয়ে তা বৃহস্পতির কক্ষপথে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
সৌরজগতের বৃহত্তম গ্রহের উৎপত্তি ও বিবর্তন নিয়ে গবেষণা করবে এ যান। এর মধ্য দিয়ে সৌরজগতের সৃষ্টি রহস্য সম্পর্কেও জানা যাবে বলে আশা করছেন নাসার বিজ্ঞানীরা।
নাসার প্রধান বিজ্ঞানী ওয়ালিদ আব্দালাতি বলেন, "শাটল মাহাকাশযান যুগের পর নতুন অধ্যায়ে প্রবেশ করছি আমরা। মহাকাশ অভিযানে এ এক নতুন মাত্রা যোগ করবে।"
ওয়াশিংটন ডিসির জাতীয় বায়ু ও মহাশূন্য মিউজিয়ামে দাঁড়িয়ে একথা বলেন আব্দালাতি। মঙ্গল অভিযান শেষে এ মিউজিয়াম চত্বরেই অবতরণ করবে চলন্ত বিজ্ঞান গবেষণাগারটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24