কান্দাহার, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের মেয়র গুলাম হায়দার হামিদি আত্মঘাতী হামলায় নিহত
হয়েছেন।
বুধবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জালমে আইয়ুবি বলেন, হামিদির কার্যালয়ে এক আত্মঘাতী হামলাকারী তার শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।
আইয়ুবি জানান, "হামলাকারী তার পাগড়িতে বোমা বেঁধে নিয়ে এসেছিল।"
কান্দাহারের পুলিশপ্রধান আবদুল রাজ্জাক জানান, কান্দাহারের বিভিন্ন জেলা থেকে আসা গোত্রপতিদের সাথে মেয়র হামিদি বৈঠক করছিলেন। তাদের মধ্যে একজন হামিদির কাছাকাছি গিয়ে পাগড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।
একই শহরে দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাইকে গুলি করে হত্যা করা হয়।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎ ভাই আহমেদ ওয়ালি কারজাই আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ও অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। গত ১২ জুলাই কান্দাহারে নিজ বাড়িতে দেহরক্ষীর গুলিতে তিনি নিহত হন।
আহমেদ ওয়ালি কারজাইয়ের মৃত্যুর পর তার স্মরণে আয়োজিত এক মাহফিলে আত্মঘাতী হামলা চালানো হলে জ্যেষ্ঠ এক ধর্মীয় নেতাসহ চারজনের মৃত্যু হয়।
ওই হামলাটিও পাগড়ির ভেতরে রাখা বোমার সাহায্যে চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৭ ঘ.
bdnews24