২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন হোটেলকর্মী, শাস্তি চাইলেন স্ট্রসকানের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রসকানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগকারীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো এ বিষয়ে জনসমক্ষে মুখ খুলে কানের শাস্তি দাবি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

নিউ ইয়র্ক, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রসকানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগকারীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো এ বিষয়ে জনসমক্ষে মুখ খুলে কানের শাস্তি দাবি করেছেন তিনি। রোববার নিউজউইকের ওয়েবসাইটে ৩২ বছর বয়সী নাফিসাতোউ দিয়ালো নামের ওই নারীর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে দিয়ালো বলেন, "আমি ন্যায় বিচার চাই। আমি চাই তার কারাদ- হোক।" দিয়ালো নিউজউইক ম্যাগাজিন এবং এবিসি সংবাদ সংস্থাকে তার নাম প্রকাশেরও অনুমতি দিয়েছেন। এবিসি সোমবার তার সাক্ষাৎকারটি প্রচার করবে বলে কথা রয়েছে। সাক্ষাৎকারে দিয়ালো বলেন, "আমি তাকে (কান) বোঝাতে চাই, কোনো কোনো ক্ষেত্রে টাকা কিংবা ক্ষমতাই সবকিছু নয়।" দিয়ালোর একজন আইনজীবী ডগলাস ওয়াইজডোর রয়টার্সকে বলেন, "তিনি প্রতারক কিংবা পতিতা নন এই বিষয়টিই বিশ্বকে জানাতে এগিয়ে এসেছেন।" এবিসি নিউজকে তিনি বলেন, "আমি কখনোই জনসম্মুখে আসতে চাইনি, কিন্তু এখন আমার আর কোনো পথ নেই।" তিনি আরো বলেন, "এখন আমাকে সবার সামনে আসতেই হবে, আমারই জন্যে আমাকে সত্য প্রকাশ করতে হবে।" সাক্ষাৎকারে দিয়ালো জানান, হোটেলে স্ট্রসকানের কক্ষের দরজা খুলে প্রবেশ করা মাত্রই বাথরুম থেকে নগ্ন অবস্থান কান বেরিয়ে আসেন। আমার কাছে মনে হচ্ছিল এক বেপরোয়া মানুষের সামনে এসে পড়েছি। আর এরপরই তিনি (কান) আমাকে ধর্ষণের চেষ্টা চালান। নিউজউইক জানিয়েছে, পরবর্তী সপ্তাহের সংখ্যার জন্য আলোকচিত্র তুলতেও সম্মতি দিয়েছেন দিয়ালো। এরআগে গত ১৪ মে হোটেল পরিচারিকা নাফিসাতোউ দিয়ালোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্ট্রসকানকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন কান। ফ্রান্সে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে স্যোসালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ৬২ বছর বয়সী স্ট্রসকানের। ওই হোটেল পরিচারিকার অভিযোগের পর স্বদেশে অর্থাৎ ফ্রান্সের এক নারী লেখকও তার বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ আনেন। ওই নারী লেখক স্ট্রসকানের মেয়ের বান্ধবী। এর আগেও নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন স্ট্রসকান। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফ'র উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গের ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয় তাকে। ১৯৬৭ সালে প্রথম বিয়ের পর আরো দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন স্ট্রসকান। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে তিনি বিয়ে করেন ১৯৯১ সালে। জামিনে মুক্তি পেয়ে কান বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫২ ঘ.