২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অসলোয় হামলাকারী অ্যান্ডার্স চরম ডানপন্থী'

অসলোয় দুই হামলায় অন্তত ৯২ জনের মৃত্যুর জন্য দায়ী নরওয়েজিয়ান যুবক অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক ডানপন্থী উগ্রবাদী বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসলোয় দুই হামলায় অন্তত ৯২ জনের মৃত্যুর জন্য দায়ী নরওয়েজিয়ান যুবক অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক ডানপন্থী উগ্রবাদী বলে জানিয়েছে পুলিশ। নরওয়ের দৈনিক দ্য নরডিক পেইজের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ কথা বলা হয়। উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের সমাবেশে গুলি চালানোর পর সেখানে আটক হন আন্দ্রেস। তিনি অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা হামলায় দায়ী বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় অসলোয় প্রধানমন্ত্রীল কার্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ১৫ জন আহত হয়। এর কয়েকঘণ্টার মধ্যে নিকটবর্তী একটি দ্বীপে ওই গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৮৫ জন নিহত হয়। পুলিশ জানিয়েছে, অসলোর একটি অভিজাত এলাকার বাসিন্দা ব্রেইভিক (৩২) নরওয়ের পূর্বাঞ্চলের একটি ডানপন্থী মৌলবাদী গোষ্ঠীর সদস্য। তার দুটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র (একটি পিস্তল ও স্বয়ংক্রিয় বন্দুক) আছে। ২০০৯ সাল হতে তিনি স্বল্প পরিসরের একটি কৃষি পণ্যের প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা কৃত্রিম সার তিনি বোমা বানানোর কাজে ব্যবহার করেছেন। আন্দ্রেসের ফেইসবুক প্রোফাইল অনুযায়ী, শিকার, ই-স্পোর্টস এবং শরীর চর্চায় তার আগ্রহ রয়েছে। এছাড়া নরওয়ের একটি ওয়েবসাইটে তার পোস্ট করা লেখা থেকে জানা যায়, তিনি বহুসংস্কৃতিবিরোধী এবং নরওয়ে সরকারে থাকা জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদীদের মধ্যে লড়াইকে উৎসাহিত করেন। শুক্রবারের এই জোড়া হামলার পিছনে আল-কায়েদার হাত রয়েছে এমন সন্দেহ ভুল প্রমাণিত হয়েছে। কিছু সংবাদ মাধ্যম শুক্রবারের হামলাকে আল-কায়েদার হামলা বলে প্রচার চালালে তা স্বীকার করেনি নরওয়ে সরকার। আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে ন্যাটোর সদস্যদের নরওয়ের অংশগ্রহণের বদলা নিতে এ হামলা চালানো হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। তবে হামলার পরপরই প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গ বলেন, এখনই এ হামলাকে ইসলামপন্থী সন্ত্রাসীদের হামলা বলা যাবে না। সুইডেনের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ ম্যাগনাস র‌্যানস্টোর্প প্রাথমিকভাবে এ হামলাকে আল-কায়েদার হামলা বলে মন্তব্য করলেও পরবর্তীতে বলেন, উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সমাবেশে গুলি চালানোর প্রেক্ষিতে বলা যায়, কোনো অপ্রকৃতস্থ ব্যক্তি বা ডানপন্থী উগ্রবাদী কোনো গোষ্ঠী এ হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/পিডি/২৩৩৪ ঘ.