২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির শহরেও সহিংসতা!

নরওয়েতে বোমা হামলায় হতাহতের ঘটনা জোর ধাক্কা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মনে। এরপর কি হবে- এ চিন্তাই আচ্ছন্ন করে ফেলেছে তাদের। অসলো থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানাচ্ছেন আহমেদ আহসানুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 08:51 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

অসলো, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসলোয় তখন বিকাল সাড়ে ৩টা। গ্রোনল্যান্ড মেট্রো স্টেশনের কাছে একটি মসজিদে জুমার নামাজ পড়ে বন্ধু আর দেশিদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে বেরিয়ে আসছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এমন সময় কানে তালা লাগানো এক বিস্ফোরণের শব্দ স্তম্ভিত করে দেয় তাদের। 'শান্তির' শহর অসলোর সঙ্গে এ ধরনের শব্দের পরিচয় নেই খুব একটা। নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ওই জোড়া বোমা হামলা এবং কাছাকাছি সময়ে উটোইয়া দ্বীপে এক যুব সমাবেশে বন্দুকধারীর গুলিতেও অন্তত ১৭ জন নিহত হয়। বাংলাদেশি যুবক আহমেদ আহসানুজ্জামান ও কাজি শাহ নাওয়াজ রিপন অসলো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। জুমার নামাজের পর সব্জি কিনতে মসজিদ সংলগ্ন একটি দোকানে যান তারা। সেখান থেকেই শুনতে পান ওই বিস্ফোরণের শব্দ। আহসানুজ্জামান বলেন, "আমরা মনে করেছিলাম এটা ট্রান্সফরমার বিস্ফোরণ, বা এই ধরনের কিছু। ট্রেনের সময় হয়ে গিয়েছিলো বলে বন্ধুকে বিদায় জানিয়ে গ্রোনল্যান্ড স্টেশনের দিকে রওয়ানা হই আমি। ৪টার দিকে অসলোর পশ্চিমের ক্রিংসজা ছাত্রাবাসে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রিপনের ফোন পাই। ও জানায়, আমরা যে শব্দ শুনেছিলাম তা ছিলো অসলো সেন্ট্রামের কাছে বোমা বিস্ফোরণের শব্দ।" শহরের ব্যস্ততম এলাকা অসলো সেন্ট্রাম থেকে গ্রোনল্যান্ডের দূরত্ব বড়জোর এক কিলোমিটার। বোমা বিস্ফোরণের খবর শুনে হতভম্ব আহসানুজ্জামান তখনি চোখ রাখেন নরওয়ের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র আফটেনপোস্টেনের অনলাইন সংস্করণ আর রাষ্ট্রীয় টেলিভিশন এনআরকে'র ওয়েবপেইজে। "বাংলাদেশ থেকে উদ্বিগ্ন বন্ধু, আত্মীয় আর সহকর্মীদের ফোন আসছিল একের পর এক। তারাও বিস্ফোরণের খবর পেয়ে গেছেন। বিস্ফোরণে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না জানতে অসলোয় বন্ধু আর পরিচিতজনদের ফোন করি। তবে খারাপ কোনো খবর পাইনি।" আহসানুজ্জামান বলেন, আকস্মিক এ বিস্ফোরণ নরওয়েতে অবস্থানরত বাংলাদেশিদের মনোবলে জোর ধাক্কা দিয়েছে। এরপর কি হবে?- এ চিন্তাই তাদের আচ্ছন্ন করে ফেলেছে। "শান্তির শহর অসলোতেও এই সহিংসতা হলো! নরওয়ের ৫৫ লাখ মানুষের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে এই ঘটনা," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০২৩৯ ঘ.