২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে জোড়া হামলায় নিহত ১৭

নরওয়ের রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে। কাছাকাছি সময়ে উটোইয়া দ্বীপে এক যুব সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে দশজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

অসলো, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে। কাছাকাছি সময়ে উটোইয়া দ্বীপে এক যুব সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে দশজন। স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ওই বিস্ফোরণে প্রধানমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ নিরাপদে আছেন। অসলো পুলিশের উপ-প্রধান সভেইনুং স্পোনহেইম বলেছেন, অসলোর ৮০ কিলোমিটার উত্তরপশ্চিমের উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সম্মেলনে এক বন্দুকধারীর গুলিতে দশজন নিহত হয়েছে। তিনি জানান, এ ঘটনায় একজনকে আটক করে গ্রেপ্তার করছে অসলো পুলিশ। অসলো বোমা বিস্ফোরণের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে নরওয়ের দৈনিক ভিজি জানায়, উটোইয়া দ্বীপে পুলিশের পোশাক পরে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালায়। বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ নরওয়ের টিভি-২ টেলিভিশনকে টেলিফোনে বলেন, মন্ত্রিপরিষদের সব সদস্য অক্ষত আছেন। তবে পরিস্থিতি 'খুব গুরুতর'। তিনি বলেন, "এ ধরনের পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। তবে যেভাবে এটা ঘটলো- তা খুবই নাটকীয়।" প্রধানমন্ত্রী কোথা থেকে টেলিফোনে কথা বলেছেন- তা প্রকাশ না করার জন্য অনুরোধ করেছে পুলিশ। বিস্ফোরণে প্রধানমন্ত্রীর ১৭ তলা কার্যালয় ভবনসহ আশেপাশে তেল মন্ত্রণালয় এবং আরো কয়েকটি মন্ত্রণালয় ভবনের বেশির ভাগ জানালা উড়ে যায়। দেখা যায় ধোঁয়ার কুণ্ডলি। তেল মন্ত্রণালয়ে আগুন জ্বলতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। পুলিশের ধারণা, গাড়িবোমার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পরে। পুলিশ কর্মকর্তা সভেইনুং স্পোনহেইম বলেন, "এটা বোমা বিস্ফোরণ।" আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা থোর ল্যাংলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এটা গাড়িবোমা হামলে হতে পারে।" তাৎক্ষণিকভাবে অসলো শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আরো বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ন্যাটোর সদস্যদেশ নরওয়েতে এর আগে কখনো এ ধরনের হামলা হয়নি। তবে আফগানিস্তান যুদ্ধে জড়িত থাকায় কখনো কখনো আল-কায়েদার হুমকির মুখে পড়েছে শান্তিতে নোবেল প্রদানকারী স্ক্যান্ডিনেভীয় এ দেশটি। লিবিয়ায় ন্যাটো অভিযানেও নরওয়ে অংশ নিচ্ছে। এর জবাবে ইউরোপে পাল্টা হামলা চালানোরও হুমকি দিয়েছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততা ও নরওয়ের বিভিন্ন স্থাপনায় হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটকের এক বছরের মাথায় সেখানে এ হামলা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/জেকে/০২৫০ ঘ.